৭ নম্বরে জাদেজার ম্যাজিক, লিখলেন নতুন ইতিহাস

বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচটি নিজের মতো করে রাঙালেন রবীন্দ্র জাদেজা। সাত নম্বরে নেমে কপিল দেবের ৩৫ বছর আগের রেকর্ড ভেঙেছেন ভারতীয় এই অলরাউন্ডার। তার অপরাজিত ১৭৫ রানের ইনিংসে ভর করে মোহালি টেস্টের প্রথম ইনিংসে ৫৭৪ রানের পাহাড় গড়েছে ভারত। সেই পাহাড়ে চাপা পড়ে সফরকারী শ্রীলঙ্কা আজ (শনিবার) দ্বিতীয় দিন শেষে ১০৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। ৪৬৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে লঙ্কানরা।

মোহালিতে আগের দিন হনুমা বিহারি (৫৮) ও ঋষভ পান্তের (৯৬) ইনিংসে ভর করে ৩৫৭ রানে দিন শেষ করেছিল ভারত। আগের দিন ৪৫ রানে অপরাজিত থাকা জাদেজা আজ ৩৫ বছরের পুরনো রেকর্ড নিজের করে নিলেন। ৩২৪ মিনিট ক্রিজে থেকে, ২২৮ বল খেলে ১৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি।

এই ইনিংস খেলার পথে জাদেজা ভেঙে দেন কপিল দেবের ৩৫ বছরের পুরনো রেকর্ড। ১৯৮৬ সালে লঙ্কানদের বিপক্ষে ৭ নম্বরে নেমে কপিল কানপুরে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন। মোহালিতে ২০২২ সালে এসে ৭ নম্বর পজিশনে ভারতের কিংবদন্তির রেকর্ড ভেঙে দিলেন জাদেজা। তার এই ইনিংসে ভর করে ভারত ৮ উইকেট ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।

লঙ্কান বোলারদের মধ্যে লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্ডো ও সুরঙ্গা লাকমল ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া লাহিরু কুমারা ও ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট পেয়েছেন।

এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা স্বস্তিতে নেই। দিনশেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৮ রান।

লঙ্কান দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমানে ধীরস্থিরভাবে শুরু করলেও বেশিদূর এগোতে পারেননি। দলীয় ৪৮ রানে থিরিমানে (১৭) ফিরে যান। সঙ্গীকে হারিয়ে টিকতে পারেননি অধিনায়ক করুণারত্নেও (২৮)। এরপর তৃতীয় উইকেটে পাথুম নিসানকা ও অ্যাঞ্জেলো ম্যাথুজ মিলে প্রাথমিক বিপর্যয় সামলে ওঠার চেষ্টা করেন। কিন্তু ৩৭ রানের জুটি হতেই সাজঘরে ফেরেন ম্যাথুজ (২২)। শেষ বিকালে ধনঞ্জয়া ১ রানে ফিরে যান।

রবিচন্দ্রন অশ্বিন ২টি এবং জসপ্রিত বুমরা ও জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।