ম্যানক্যাডিংসহ ক্রিকেটের পুরনো যেসব নিয়ম বদলে যাচ্ছে

বোলিংয়ের সময় নন-স্ট্রাইকিংয়ের কেউ যদি ক্রিজ ছেড়ে যান আর বোলার তখন যদি তাকে আউট করে দেন। তাহলে সেটি ক্রিকেটের চেতনাবহির্ভুত ধরা হতো এতদিন। অবশেষে বিষয়টিকে কলঙ্কমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি।

এর ফলে দীর্ঘদিনের বিতর্কিত বিষয়টি আইনসিদ্ধ হতে চলেছে। অর্থাৎ এখন থেকে ম্যানক্যাডিং স্বাভাবিক রান আউট হিসেবে বিবেচিত হবে। নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী ১ অক্টোবর।

এতদিন ক্রিকেটীয় আইনের ৪১ নম্বর ধারায় বিষয়টিকে আনফেয়ার প্লে বলেই স্বীকৃতি দেওয়া ছিল। ফলে নতুন সিদ্ধান্তের কারণে এখন সেটি ফেয়ার প্লে হিসেবে স্বীকৃত হবে এবং তা ধারা ৩৮ নম্বরে স্থানান্তরিত হবে।

এ প্রসঙ্গে এমসিসির ল’ ম্যানেজার ফ্রেজার স্টেওয়ার্ট বলেছেন, ‘এ ক্ষেত্রে বোলারকেই সব সময় খলনায়ক ভাবা হয়ে আসছে। কিন্তু কাউকে আউট করার এই উপায়টা অবশ্যই বৈধ। কারণ, মাঠে নন স্ট্রাইকারই ওই মুহূর্তে চোরের ভূমিকায়।’

আরও বেশ কিছু নিয়মেও পরিবর্তন আনার সুপারিশ করেছে এমসিসি। এখন থেকে স্থায়ীভাবে বলের ওপর লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে সংস্থাটি। অর্থাৎ এখন থেকে থুতু বা লালার ব্যবহার পুরোপুরি অবৈধ। যার ব্যবহারকে অন্যায়ভাবে বলের আকৃতি পরিবর্তনের সমান বলে ধরে নেওয়া হবে।

আরও যেসব পরিবর্তন আসবে তার মধ্যে হলো ক্যাচ আউট হয়ে কেউ ফিরে গেলে নতুন ব্যাটারকে স্ট্রাইকিং প্রান্তেই দাঁড়াতে হবে। ক্যাচের সময় এতদিন কী হতো- আউটের আগে কেউ প্রান্ত বদলের সময় একে অপরকে অতিক্রম করে গেলে নতুন ব্যাটার দাঁড়াতো নন স্ট্রাইকিংয়ে। এখন থেকে নতুন ব্যাটারকে দাঁড়াতে হবে স্ট্রাইকিং প্রান্তেই। অর্থাৎ একে-অপরকে অতিক্রমের বিষয়টি আর বিবেচ্য থাকছে না। তবে ওভারের শেষ বল হলে সেটি খাটবে না। ইংল্যান্ড এরই মধ্যে এমন নিয়ম দ্য হান্ড্রেডে ব্যবহার করেছে পরীক্ষামূলকভাবে।