আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। যার অভিজ্ঞতার ভাণ্ডার অনেক সমৃদ্ধ। যে কারণে দেশের জার্সিতে অনেক কীর্তি গড়া এই পেসারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তাসকিন-শরিফুলরাও।
নতুন এই কোচের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকার কথা জানিয়েছেন তাসকিন আহমেদ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার এই পেসার বলেছেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ ওনার মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের অধীনে কোচিং করবো। আমাদের দেশি কোচ বা বিদেশি কোচ বলেন, সবার তত্ত্ব প্রায় একই। কিন্তু এক একজনের অভিজ্ঞতা একেক রকম। আমরাও রোমাঞ্চিত যে ওনার মতো একজন কোচকে পাবো। চেষ্টা করবো তার মতো কিংবদন্তির কাছ থেকে যতটা সম্ভব সর্বোচ্চটা আদায় করে নিতে।’
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের পর আর চুক্তি নবায়ন করেননি ওটিস গিবসন। ফলে ডোনাল্ডকে সাবেক কোচ গিবসনের স্থলাভিষিক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ৭২ টেস্ট খেলেছেন প্রোটিয়াদের সাবেক এই পেসার। ২২.২৫ গড়ে ৩৩০ উইকেট নিয়েছিলেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এই ফাস্ট বোলার। যিনি দক্ষিণ আফ্রিকা দলেও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের সঙ্গেও।