নিম্নমানের রেটিং পেলো রাওয়ালপিন্ডি পিচ 

২৪ বছর পর পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে প্রথম টেস্টে কোথায় রোমাঞ্চকর লড়াই হবে। সেটি না হয়ে শুধু ম্যাড়ম্যাড়ে এক টেস্ট ম্যাচই উপহার দিতে পারলো দুই দল! নিষ্প্রাণ পিচে পাঁচদিনের লড়াইটা শেষ হয়েছে ড্রয়ে। যার ফলে রাওয়ালপিন্ডির পিচটাকে নিম্নমানের রেটিং দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে! পাশাপাশি ভেন্যুর নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।  

পাঁচ দিনের লড়াইয়ে দাপট ছিল শুধু ব্যাটারদের। বোলারদের জন্য সেখানে কিছুই ছিল না। ১৪ উইকেটের বিনিময়ে রান হয়েছে মোট ১১৮৭! তাতেই বোঝা যাচ্ছে ভারসাম্য ছিল না ব্যাটে-বলে। যে কারণে টেস্টের পর থেকেই পিচের নেতিবাচক দিক নিয়ে সমালোচনা ছিল বেশি।       

মূলত টেস্ট পিচের যে চরিত্র, সেটাই ছিল না সিরিজের প্রথম টেস্টে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাই বলেছেন, ‘পাঁচদিনে পিচের চরিত্র সেভাবে পরিবর্তনই হয়নি। বলের বাউন্স সামান্য নিচু হওয়া ছাড়া আর কোনও অবনতি লক্ষ্য করা যায়নি।’ 

ম্যাচ রিপোর্টে মাদুগালে আরও বলেছেন, ম্যাচের কোনও পর্যায়েই পেসারদের জন্য সেরকম গতি ও বাউন্স ছিল না। সহায়ক ছিল না স্পিনারদেরও। ফলে তার মনে হয়েছে, ‘পিচে ব্যাট-বলের লড়াইটা সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। তাই আইসিসির গাইডলাইন মেনে পিচটাকে নিম্নমানের রেট করছি।’  

আইসিসির নিয়ম অনুযায়ী একটি ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে সেটি ১২ মাসের নিষেধাজ্ঞা পাবে। ১০ পয়েন্ট হলে সেটি নিষিদ্ধ থাকবে ২৪ মাস।