নাঈম-সাব্বিরের ব্যাটে রূপগঞ্জের জয়

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় ব্যবধানে জিতলো লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ (মঙ্গলবার) নাঈম ইসলাম ও সাব্বির রহমানের ব্যাটে ২৯১ রানে বড় সংগ্রহ পায় তারা। কঠিন লক্ষ্যে খেলতে নেমে ১৪৪ রানে অলআউট গাজী গ্রুপ। তাতে করে ১৪৭ রানের বড় জয়ে ঢাকা লিগ শুরু করেছে শিরোপা প্রত্যাশী রূপগঞ্জ।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৯১ রান তোলে রূপগঞ্জ। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৩০.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে গাজী গ্রুপ ১৪৭ রান তুলতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। এছাড়া আকবর আলী খেলেন ২৯ রানের ইনিংস। 
রূপগঞ্জের সঞ্জিত সাহা ও তানভীর হায়দার ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২৩) ও আব্বাস মূসা আলভি (১৭) ব্যর্থ হলেও মিডল অর্ডারের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। নাঈম ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন।  তবে তার এই ইনিংসে বড় সংগ্রহ দাঁড়ায় রূপগঞ্জের। সঙ্গে ছিল সাব্বিরের ঝড়ো ইনিংস।

নাঈম ১১৪ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। ৪৯তম ওভারে কাজী অনিক ইসলামের বলে মারতে গিয়ে কাউ কর্নারে ধরা পড়েন ফরহাদ হোসেনের হাতে। শেষ দিকে ঝড় তোলেন সাব্বির। ২৫ বলে ৫ চার ও ১ ছয়ে ৪২ রান করেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া রাকিবুল হাসান নয়ন ৪৬ ও  ভারতীয় ব্যাটার চিরাগ জানির খেলেন ৪৭ রানের ইনিংস।
গাজীর গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাজী অনিক ইসলাম। এ ছাড়া ২ উইকেট নেন আলমগীর হোসেন।