কাগিসো রাবাদা,লুঙ্গি এনগিডি ও মার্কো ইয়ানসেনের মন গলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে থাকলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলাকেই বেছে নিয়েছেন প্রোটিয়া দলের প্রথম সারির পেসারররা। ফলে দুই টেস্টের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করতে পারেনি স্বাগতিক দল। অনভিজ্ঞদের নিয়ে গড়া ১৫ সদস্যের টেস্ট দলটিতে রয়েছে নতুন মুখ।
প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন খায়া জোন্ডো। প্রথম সারির পেসাররা না থাকায় লিজাড উইলিয়ামস ও ড্যারিন ডুপাভিলনের জায়গা হয়েছে দলে। যাদের কারোরই টেস্ট অভিষেক হয়নি।
টেস্ট দলে প্রথমবার হলেও প্রোটিয়া ব্যাটার জোন্ডো ৬ ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৭৮ গড়ে ৬ হাজার ২৩০ রান আছে তার। এই মৌসুমে দারুণ ফর্মেও আছেন তিনি।
দলে ডাক পাওয়া পেসার ডুপাভিলনের টেস্ট অভিষেক না হলেও গত বছর পাকিস্তান সিরিজের জন্য ডাক পেয়েছিলেন। ডানহাতি পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ২১৪টি উইকেট। খেলেছেন বেশ কিছু ওয়ানডে। পেসার লিজাড উইলিয়ামসেরও টেস্ট অভিষেক হয়নি। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন।
আইপিএলের কারণে টেস্ট সিরিজ খেলতে রাজি হননি ব্যাটার এইডেন মারক্রাম ও রাসি ভ্যান ডার ডাসেনও। তবে নিউজিল্যান্ড সিরিজ মিস করা তিন নম্বর ব্যাটার কিগান পিটারসেন ফিরেছেন দলে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজের প্রথমটি হবে ৩১ মার্চ ডারবানে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ডিন এলগার ( অধিনায়ক), তেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল এরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, ভিয়ান মুলডার, ডুয়ান্নে ওলিভিয়ের, কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরমান, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস ও খায়া জোন্ডো।