শুরুতে প্রোটিয়াদের বিপদে ফেললেন শরিফুল

প্রথম ওয়ানডেতে ৩১৫ রানের লক্ষ্য দিয়ে শুরুতে সাফল্যও পেয়েছে বাংলাদেশ। ওপেনার জানেমান মালানকে গ্লাভসবন্দি করিয়েছেন পেসার শরিফুল ইসলাম। ৬.১ ওভারে এক উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩১ রান। ক্রিজে আছেন কাইল ভেরিয়েনে (২০) ও তেম্বা বাভুমা (৭)। 

বড় লক্ষ্যে দুই ওপেনার জানেমান মালান ও কাইল ভেরিয়েনে সতর্ক থেকেই খেলছিলেন। কিন্তু চতুর্থ ওভারে শরিফুলের বলে শেষ রক্ষা হয়নি মালানের। ৪ রানে মুশফিককে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। এই ক্যাচ নিয়ে রিভিউয়ের ঘটনাও ঘটেছে। শুরুতে আম্পায়ার সফট সিগনালে নটআউট দিলেও রিভিউতে পাল্টায় অনফিল্ডার আম্পায়ারের সিদ্ধান্ত। একই ওভারে ভেরিয়েনের শট টপ এজ হয়ে বাতাসে উঠলেও সেটি ছক্কা হয়ে গেছে পরে।   

সেঞ্চুরিয়নে শুরুতে টস হেরে ব্যাট করতে নামলেও প্রোটিয়াদের ৩১৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় সফরকারী দল। সেঞ্চুরিয়নে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৩১৪ রান।

ঢিমেতেতালায় শুরুর পর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসেন তামিম-লিটন। দক্ষিণ আফ্রিকায় ৯৫ রানের রেকর্ড ওপেনিং জুটিও গড়েন তারা। পরে ছন্দপতন ঘটলেও ইনিংসটা ভালো জায়গায় পৌঁছাতে বড় অবদান সাকিব আল হাসান ও ইয়াসির আলীর শত রান ছাড়ানো জুটির। ইনিংসের সর্বোচ্চ জুটিও ছিল এটি। ১১৫ রানের এই জুটির পর মেহেদী মিরাজ-তাসকিন আহমেদের শেষের কার্যকারিতায় ইনিংসটা পেয়েছে অনতিক্রম্য একটা জায়গা। কারণ, সেঞ্চুরিয়নে ৩১৯ রান তাড়া করে জেতার নজির একটিই। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই রান তাড়ায় জিতেছিল প্রোটিয়ারা।