তামিম ইকবালকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই সাকিব আল হাসানকে হারালো বাংলাদেশ। আগের ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলা সাকিব ইনিংসের চতুর্থ ওভারে শূন্য রানে ফেরেন কাগিসো রাবাদার বলে। এর আগে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন তামিম।
আজ (রবিবার) ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীদের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ১৫ রান।
আজ তামিমের ৩২তম জন্মদিন। বিশেষ এই দিনে তামিমের ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। এনগিদির বল এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে কেশব মহারাজের হাতে তালুবন্দি হন বাঁহাতি এই ব্যাটার।
আগের ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই তার কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু হতাশ করলেন বাঁহাতি ব্যাটার। রাবাদার বলে ফ্লিক করতে চেয়েছিলেন কিন্তু হয়নি। ব্যাটের কানায় লেগে উঠে গেলে কাইল ভেরিয়েনের হাতে ধরা পড়েন শূন্য রানে।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আগের ম্যাচেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে পেয়েছে প্রথম জয়। এই আনন্দের মাঝেই আবার সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে আজ (রবিবার) দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল।
সেঞ্চুরিয়নের ওয়ানডে জিতেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই উইনিং কম্বিনেশন ধরে রেখেছে সফরকারীরা। আগের একাদশই নেমেছে ওয়ান্ডারার্সে।
তবে দক্ষিণ আফ্রিকা একাদশে এসেছে তিনটি পরিবর্তন। সুস্থ হয়ে একাদশে ফিরেছেন উইকেটকিপার কুইন্টন ডি কক। তার সঙ্গে ওয়ান্ডারার্সের ম্যাচে যোগ দিয়েছেন ওয়েইন পারনেল ও তাবরেজ শামসি। বাদ পড়েছেন এইডেন মারক্রাম, মার্কো ইয়ানসেন ও আন্দিলে ফেলুকাও।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরিয়েনে, রাসি ফন ডের ডুসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরেজ শামসি।