ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ছয় দল দুই ভেন্যুতে নেমেছিল। সোমবার ঢাকা লিগের নতুন ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মাঠের। এখানে ঢাকা লিগের পাঁচ রাউন্ডের পাঁচটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিসিডিএম। নতুন এই মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। ম্যাচটিতে খেলাঘরকে ৮৬ রানে হারিয়েছে গাজী গ্রুপ। বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী ১১১ রানে সিটি ক্লাবকে হারিয়েছে। একই ভেন্যুর চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
গাজী গ্রুপ-খেলাঘর
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)এর মাঠে আগে ব্যাটিং করে আল আমিন জুনিয়র (৬১) ও গুরিন্দর সিংয়ের (৫৪) জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকটোর্স। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে খেলাঘর টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ৩৯.৩ ওভারে ১৬০ রান তুলে অলআউট হয়ে গেছে। ফলে ৮৪ রানে হেরে গেছে খেলাঘর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে মাসুম কামাল টুটুলের ব্যাট থেকে। গাজী গ্রুপের গুরিন্দর সিং ব্যাটিংয়ে ৫৪ রান করার পর বল হাতে নেন তিন উইকেট। এমন অলরাউন্ডস পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
আবাহনী-সিটি ক্লাব
বিকেএসপির তিন নম্বর মাঠে শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছে। ৬৬ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শামীম। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে আরাফাত সানির ঘূর্ণিজাদু এবং সাইফউদ্দিনের পেস বোলিংয়ে ৪২ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। তাতে ১১১ রানের বড় জয় পেয়েছে আবাহনী। আশিক উল আলম (৬৭) ও মঈনুল ইসলাম সোহেলের হাফসেঞ্চুরিও (৬৭)বৃথা গেছে। আবাহনীর আরাফাত ৫টি এবং সাইফউদ্দিন নেন দুটি উইকেট।
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক
বিকেএসপির আরেক মাঠে আগে ব্যাট করে রকিবুল হাসানের (১২১) সেঞ্চুরি এবং নাঈম হাসানের (৯১) হাফসেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ১২৫ রান তুলে ফেলে প্রাইম ব্যাংক। এনামুল ৬৭ বলে ৫৩ রান করে আউট হলেও শাহাদাত হোসেন দিপু সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার অপরাজিত ১৩১ রানের ওপর ভর করে প্রাইম ব্যাংক ১১ বল আগে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে। সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন যুব বিশ্বকাপজীয় দলের এই ব্যাটার।