৬ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

প্রায় ৬ বছর পর শ্রীলঙ্কায় পূর্ণ সিরিজের জন্য সফর করতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। আগামী জুন-জুলাইয়ে ৩ টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ২ টেস্টের জন্য মুখোমুখি হবে দুই দল। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে কলম্বো ও ক্যান্ডি। তবে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে গলে।

টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ৭ জুন। তিনটি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তার পর প্রথম দুই ওয়ানডে হবে ক্যান্ডিতে। বাকি ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। তার পর গলে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ।

সর্বশেষ ২০১৬ সালের জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর করে গেছে অস্ট্রেলিয়া। সেবার টেস্ট সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। ২-০ ব্যবধানে জেতে টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের নিশ্চয়তা দিয়ে লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আমরা উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখতে যাচ্ছিল। যেহেতু ৬ বছর পর অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফরে আসছে। সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তা করবে। আর টেস্ট-ওয়ানডে সিরিজের অপরিমেয় মূল্যতো রয়েছেই।’         

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সূচি:

৭ জুন: প্রথম টি-টোয়েন্টি, কলম্বো
৮ জুন: দ্বিতীয় টি-টোয়েন্টি, কলম্বো
১১ জুন: তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো
১৪ জুন: প্রথম ওয়ানডে, ক্যান্ডি
১৬ জুন: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্ডি
১৯ জুন: তৃতীয় ওয়ানডে, কলম্বো
২১জুন: চতুর্থ ওয়ানডে, কলম্বো
২৪ জুন: পঞ্চম ওয়ানডে, কলম্বো
২৯ জুন: প্রথম টেস্ট, গল
৮ জুলাই: দ্বিতীয় টেস্ট, গল