টি-টোয়েন্টি সিরিজ ভারতের

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যেন ওয়ানডে সিরিজ হারের ঝাল মেটাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ৫৫ বলে ৯০ রানের পর আজ দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বিরাট কোহলি

কোহলি ও রোহিত শর্মার দুর্দান্ত অর্ধশতকে অসিদের ১৮৫ রানের বিশাল টার্গেট দেয় ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। ফলে ২৭ রানের জয় পায় ভারত। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ভারত।

এদিন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মার ৯৭ রানের উদ্বোধনী জুটি উড়ন্ত সূচনা এনে দেয় ভারতকে। ১১ ওভার স্থায়ী জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। তার বলে রিভার্স সুইপ করে ক্রিস লিনকে ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (৪২)।

এরপর বিরাট কোহলির সঙ্গে ৪৬ রানের জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন রোহিত। ৫ ওভার স্থায়ী তাদের এই জুটি ভাঙে রোহিতের রান আউটে। রোহিতের ৪৭ বলে ৬০ রানের ইনিংসটি ৫টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি। তার ৩৩ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ১টি ছক্কায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৪ রান করে ভারত।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে আসে ৯৪ রান। শন মার্শকে আউট করে ৯.৫ ওভারে এ জুটি ভাঙেন রবিচন্দ্র অশ্বিন। ৯৯ রানে ফিরে যান ক্রিস লিন। দলীয় ১০১ রানে মাথায় অসিদের তৃতীয় উইকেটের পতন ঘটে। যুবরাজ সিংয়ের বলে স্ট্যাম্পড হন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ফিকে হয়ে আসে অসিদের জয়ে আশা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১২১ রানে আউট হন শেন ওয়াটসন। ১৫.২ ওভারে অ্যারন ফিঞ্চ রানআ্উট হলে নিভে যায় অসিদের শেষ আশাটুকুও। আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৪ রান করেন তিনি। শেষ দিকে আর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন শন মার্শ। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও যশপ্রিত বুমরাহ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ভারত।

এই ম্যাচে দলে ছয়টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, ক্যামেরন বয়েস, শন টেইট ও কেন রিচার্ডসন খেলেননি। তাদের জায়গায় দলে ফিরেছেন শন মার্শ, ম্যাক্সওয়েল ও জন হেস্টিংস। অভিষেক হয়েছে নাথান লায়ন, স্কট বোল্যান্ড ও অ্যান্ড্রু টাইয়ের।

তাদের মধ্যে স্কট বোলান্ড ও এন্ড্রু টাই ভালোই করেছেন। বোলান্ড ৪ ওভারে ৩০ রান দিয়েছেন। এন্ড্রু ট্রাই ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। কিন্তু অভিজ্ঞ নাথান লায়নের টি-টোয়েন্টি অভিষেকটা দুঃস্বপ্নের মতো কেটেছে। ১ ওভারে ১৫ রান দেওয়ায় আর বোলিংই করা হয়নি এত দিন পরে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পাওয়া এই স্পিনারের।

/এমআর/