একপ্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন তেম্বা বাভুমা। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে তাকে মাইলফলকটি স্পর্শ করতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই স্পিনারের ঘূর্ণিতে ৯৩ রানে আউট হয়ে গেছেন প্রোটিয়া ব্যাটার। এর পরপরই এবাদত হোসেনের আঘাত। এই পেসারের শিকার হয়ে ফিরেছেন কেশব মহারাজ।
আজ (শুক্রবার) ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খালেদ আহমেদের তোপে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। তার তোপের পর মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের আঘাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০১ ওভারে ৮ উইকেটে ৩০০ রান।
দ্বিতীয় দিনে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও অস্বস্তি তৈরি করে রেখেছিলেন বাভুমা। আগের দিনই হাফসেঞ্চুরি পূরণ করে রাখা এই ব্যাটার মহারাজের সঙ্গে জুটি বেঁধে বাড়িয়ে নিচ্ছিলেন রান। আর নিজে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিছুতেই যখন তাকে আউট করা যাচ্ছিল না, তখনই মিরাজের ভেল্কি। এই স্পিনার বলে বোল্ড হয়ে যান বাভুমা। ফেরার আগে ১৯০ বলে ১২ বাউন্ডারিতে খেলে যান ৯৩ রানের ঝলমলে ইনিংস।
তার বিদায়ের পর আশার আলো হয়ে থাকা মহারাজ পরের বলেই আউট! মিরাজের ওভারের শেষ বলে আউট হয়েছিলেন বাভুমা। আর এবাদতের করতে আসার নতুন ওভারের প্রথম বলে ফিরে যান মহারাজ। বাংলাদেশি পেসারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৪ বাউন্ডারিতে করে যান ১৯ রান।
আজ ডারবানের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট উদযাপন করে বাংলাদেশ। সফরকারীদের আনন্দের উপলক্ষ এনে দেন খালেদ আহমেদ। এই পেসারের জোড়া আঘাতে এলোমেলো প্রোটিয়ারা। পরপর ২ বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। যদিও হয়নি।
বৃহস্পতিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। ওপেনিংয়ে তারা দুর্দান্ত শুরু পায়। কোনও উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করে কোণঠাসা করে তোলে বাংলাদেশকে। তবে সময় গড়ানোর সঙ্গে ম্যাচে ফেলে সফরকারীরা। প্রথম দিনে মুমিনুলরা তুলে নেয় ৪ উইকেট। তবে শেষ বিকেলে তেম্বা বাভুমার প্রতিরোধে কিছুটা হতাশা তৈরি হয়। এই ব্যাটার হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। তার সঙ্গে ২৭ রান নিয়ে শুরু করা কাইল ভেরিয়েনেকে বেশিক্ষণ থাকতে দেননি খালেদ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে দেখান প্যাভিলিয়নের পথ। ফেরার আগে এদিন মাত্র ১ রান যোগ করতে পেরেছেন প্রোটিয়া উইকেটকিপার। ২৮ রানের ইনিংসে ভেরিয়েনে মেরেছেন ৩ বাউন্ডারি।
তিনি ফেরার পরের বলেই আবার উইকেট খালেদের। এবার মুখোমুখি প্রথম বলে বাংলাদেশি পেসারের শিকার উইয়ান মুল্ডার। মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়ার আগে স্বাভাবিকভাবেই রানের খাতা খোলা হয়নি তার।