ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ (শনিবার) তারা হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে। এনামুল ও মিঠুনের জোড়া হাফসেঞ্চুরিতে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ৩১২ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ১৮৫ রানে অলআউট হয়। ফলে ১২৭ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। ম্যাচসেরা হন ৯৪ রানের ইনিংস খেলা এনামুল হক।
ইউল্যাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক। ঢাকা লিগের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন এনামুল। শনিবার ৬ রানের জন্য তৃতীয় সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৪ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। এনামুলের পর উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুনও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। ৭৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। এই দুইজনের হাফসেঞ্চুরির পর নাসিরের ৩৮, শাহাদাতের ৩৫, শুভর ২৭ ও মেহেদীর ২৫ রান দলের স্কোরকে ৩১২ নিয়ে যেতে ভূমিকা রেখেছে।
ব্যাটিংয়ে নিয়মিত ব্যর্থ হলেও বোলিংয়ে দারুণ করছেন সৌম্য সরকার। মোহামেডানের জার্সিতে ৬ ম্যাচে মাত্র একবার পঞ্চাশ ছুঁতে পেরেছেন তিনি। যদিও বোলিংয়ে ভালোই করছেন। শনিবার ৫৪ রান খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন এই মিডিয়াম পেসার। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ও মুশফিক হাসান দুটি করে উইকেট নেন।
৩১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানের শুরুটা হয় ভূতুড়ে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারানো মোহামেডান ৩৮.৩ ওভারে অলআউট হয় ১৮৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন সর্বশেষ যুব বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান আরিফুল ইসলাম। ৬৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মাহমুদউল্লাহর (৩৪) ব্যাট থেকে। হাফিজ খেলেন ১৭ রানের ইনিংস।
যুব বিশ্বকাপজয়ী দলের স্পিনার রাকিবুল হাসান চারটি উইকেট নেন প্রাইম ব্যাংকের জার্সিতে। মেহেদী হাসান ও রবিউল হক দুটি করে উইকেট নেন।