শনিবার সকালে কক্সবাজার স্টেডিয়ামে অনুশীলন শেষে সাইফ উদ্দিন বলেন, ‘প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর এখন আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে রয়েছে। পরের ম্যাচগুলো খাটো চোখে দেখার কোনও সুযোগ নেই। ওখানে জয় ছাড়া ভিন্ন কোনও চিন্তা আমাদের নেই। কোনও ম্যাচ হাল্কাভাবে নেওয়া উচিত না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনোযোগ ধরে রেখে খেলেছি, কালকের ম্যাচেও সেই মনোযোগ ধরে খেলবো।’
স্কটল্যান্ড সম্পর্কে ধারনা না থাকলেও বিষয়টি নিয়ে চিন্তিত নন বাংলাদেশ যুব দলের এই অলরাউন্ডার। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে রান রেটে এগিয়ে থাকতে বদ্ধপরিকর তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে, অবশ্যই রান রেটের কিছু ব্যাপার থাকে; আমরা চাইবো জয়টা যেন একটু বড় হয়। এটাই টার্গেট থাকবে।’
উইকেট নেওয়ার পর নিজের উদযাপন সম্পর্কে সাইফ উদ্দিন বলেন, ‘কাউকে অনুসরণ করি না। আফ্রিদি ভাইয়ের খেলা ভালো লাগে। উদযাপনটা আমি আমার মতো করেই করি। অনেকেই বলে আমি আফ্রিদির মতো উদযাপন করি। কিন্তু আমি সত্যিই আমার মতো করেই করি।’
নিজের পারফরম্যান্স নিয়ে সাইফ বলেন, ‘আমি মূলত ব্যাটসম্যান কাম পেস বোলার। টিম কম্বিনেশনের কারণে হয়তো ৭-৮ নম্বরে ব্যাটিং করতে হচ্ছে। আমাকে যখন যেভাবে চাওয়া হয় আমি সেভাবে পারফর্ম করার চেষ্টা করি। যখন ব্যাটিংয়ে আসি তখন ব্যাটিং নিয়ে ভাবি; যখন বল হাতে নেই তখন বোলিং নিয়ে ভাবি।’
/আরআই/এফআইআর/