এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির একটি বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছিল। কিন্তু ‘বাসচালক’-এর ভূমিকায় থাকা ধোনির প্রমোশনমূলক বিজ্ঞাপনটি ভুল বার্তা দিচ্ছে- এমন অভিযোগে সেটি সরিয়ে নিতে বলেছে ভারতের অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল।
বিজ্ঞাপনটিতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় ধোনি বাস চালাচ্ছেন। হঠাৎ সেই বাসটি রাস্তার মাঝে থামিয়ে দেন তিনি। তারপর সফররত যাত্রীদের বলেন, জানলা দিয়ে পাশের টেলিভিশনের একটি শো রুমে তাকাতে। টিভিতে তখন চলছিল আইপিএল! সবাই বাসের জানালা দিয়ে খেলা দেখতেও দৃষ্টি নিবদ্ধ করেন সেখানে। বাস এভাবে রেখে দেওয়ায় তখন জ্যামও বেঁধে গিয়েছিল।
তখন এক ট্রাফিক পুলিশ এসে তাগাদা দিলেও ধোনি তাকে বলেন, সুপার ওভার চলছে। পরে ওই পুলিশ কর্মীও চলে যান সেখান থেকে। ঠিক এই মুহূর্তটি নিয়েই সমালোচনার ঝড় বইছে।
ভারতে নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি অভিযোগ করেছে, এ ধরনের বিজ্ঞাপন ভুল বার্তা দিচ্ছে। পুলিশ কর্মীটি যেহেতু কিছু না বলেই চলে যাচ্ছেন। তাই অনেকেই মনে করতে পারেন, ট্রাফিক আইন ভাঙা আসলে অপরাধ নয়।
অভিযোগের সত্যতা মেলায় অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল সংশ্লিষ্ট বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে, হয় পুরো বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হোক কিংবা পরিবর্তন করে প্রচার করা হোক। সেজন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে ২০ এপ্রিল পর্যন্ত। সেই প্রতিষ্ঠানটি অবশ্য বিজ্ঞাপনটি পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।