এলগারকে ফেরালেন তাইজুল

লাঞ্চ থেকে ফিরেই বাংলাদেশের সাফল্য। সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া ডিন এলগারকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। প্রোটিয়া ব্যাটারকে আউট করে দলে স্বস্তি ফিরিয়েছেন এই স্পিনার।

আজ (শুক্রবার) পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা হারিয়েছে দ্বিতীয় উইকেট। স্কোর ৩৩ ওভারে ২ উইকেটে ১৩৩ রান।

অধিনায়ক মুমিনুল হক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, পোর্ট এলিজাবেথের প্রত্যেকটি সেশনে ভালো করতে চান তারা। মাঠের ক্রিকেটে কিন্তু সেটির কোনও ছাপ নেই। প্রথম সেশনই কাটে হতাশায়। খালেদ আহমেদ একটি উইকেট এনে দিলেও পুরো সময়টা আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তাসকিন আহমেদ না থাকায় এক পেসার কমিয়ে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টে সফরকারীরা নেমেছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করেছিল স্পিন দিয়ে। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওভারে বোলিংয়ে এলেও সুবিধা করতে পারেননি। প্রোটিয়া ব্যাটাররা আসলে কোনও সুযোগই দিচ্ছিলেন না।

তাইজুল ইসলামকে যা একটু সমীহ করেছেন এলগাররা। বাকি সবার ওপর দিয়ে ছড়ি ঘুরিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। লাঞ্চের আগে বোলিংয়েও ছিল না কোনও ধার, ছন্দহীন বোলিংয়ে খুব একটা পরীক্ষাও নিতে পারেননি খালেদ-এবাদতরা। বিপরীতে আগের দুই ইনিংসের মতো পোর্ট এলিজাবেথেও আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন এলগার। ৬৬ বলে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি। অবশেষে তাকে ফিরিয়েছে সফরকারীরা। লাঞ্চ বিরতির পর তাইজুলের ভেল্কিতে কাটা পড়েন তিনি। বাঁহাতি স্পিনারের বলে প্রোটিয়া অধিনায়ক ধরা পড়েন উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।

ফেরার আগে চলমান সিরিজে টানা তৃতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পেয়েছেন এলগার। এবার ৭০ রানে আউট তিনি। ৮৯ বলের ইনিংসটি এলগার সাজান ১০ বাউন্ডারিতে।

লাঞ্চের আগে একমাত্র উইকেট হিসেবে আউট হয়েছিলেন সারেল এরউই। আসলে তৃতীয় ওভারেই আউট হতে পারতেন তিনি। কিন্তু আফসোসে পুড়তে হয় বাংলাদেশকে। রিভিউ না নেওয়ায় উইকেট পাওয়া হয়নি। খালেদ আহমেদের বল সারউইয়ের পায়ে আঘাত করলে ওঠে এলবিডব্লিউয়ের আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার আলাহুদিন পালেকার। কিন্তু পরে হকআইয়ে দেখা গেছে রিভিউ নিলেই আউট হয়ে যেতেন এরউই।

বোলার খালেদ ছিলেন ভীষণ আত্মবিশ্বাসী। রিভিউ নিতে বারবার ‘অনুরোধ’ করছিলেন অধিনায়ক মুমিনুল হককে। বাংলাদেশ অধিনায়ক বোলারের কথায় খুব একটা আশ্বস্ত হতে পারলেন না। তাই উইকেটকিপার লিটন দাসের ইশারার অপেক্ষায় থাকলেন। সেখান থেকেও আসেনি জোরালো কিছু। দোটানায় থাকা মুমিনুল সিদ্ধান্ত নিতে পারছিলেন না। শেষেমেশ যখন রিভিউয়ের সংকেত দিতে যাচ্ছিলেন, ততক্ষণে আম্পায়ারের সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানানোর সময় শেষ হয়ে গেছে। ফলে রিভিউ আর নেওয়া হয়নি। হকআইয়ে দেখা গেছে, ব্যাটে না লাগা বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ফলে রিভিউ নিলে শুরুতেই উইকেট আসতো বাংলাদেশের ঘরে।

অবশেষে ওই খালেদই ফিরিয়েছেন এরউইকে। যে উইকেট আসতো তৃতীয় ওভারে সেটা আসে ১২তম ওভারে। উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দি করে প্রোটিয়া ওপেনারকে তিনি ফিরিয়েছেন ২৪ রানে। ৪০ বলের ইনিংসে এরউই মেরেছেন ৪ বাউন্ডারি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী প্রোটিয়া অধিনায়ক এলগার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ফিল্ডিং দিয়ে শুরু হয় বাংলাদেশের পোর্ট এলিজাবেথ টেস্ট।

তামিম ইকবাল সুস্থ হয়ে ওঠায় এই টেস্টে তার ফেরাটা অনুমিতই ছিল। বাঁহাতি ওপেনার ফেরায় জায়গা হারিয়েছেন সাদমান ইসলাম। অন্যদিকে তাসকিন আহমেদ চোটে ছিটকে যাওয়ায় আরেকটি পরিবর্তন ছিল প্রত্যাশিত। এই পেসারের জায়গায় স্পিন শক্তি বাড়াতে একাদশে যোগ করা হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে। বাংলাদেশের একাদশে এই দুটিই পরিবর্তন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন নেই। ডারবান টেস্ট জয়ী একাদশ নিয়েই পোর্ট এলিজাবেথে নেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরিয়েনে (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ান ওলিভিয়ের।