শেখ জামালের পারভেজ রসুলের বোলিং তোপে হেরেছে আবাহনী। শুক্রবার বিকেএসপিতে ভারতীয় এই স্পিনারের বোলিয়ে ১৭৭ রানে অলআউট হয়ে গেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। মামুলি লক্ষ্যে খেলতে নেমে রবিউল ইসলাম রবির হাফসেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বিকেএসপির চার নম্বর মাঠে ১৭৮ রানের জবাবে খেলতে নেমে শেখ জামাল ৪৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। এরপর ইমরুল কায়েস ও সাইফ হাসান মিলে ৪৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়েছেন। জহুরুল ২১ রানে আউট হওয়ার পর ইমরুলও ফিরে যান ২৬ রান করে। এরপর পারভেজ রসুল ১০ রানে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি শেখ জামালের। ৬ষ্ঠ উইকেটে রবিউল ইসলাম ও তাইবুর রহমানের অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে ৮ বল আগেই ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল।
আবাহনীর বোলারদের মধ্যে আফিফ হোসেন ৩৮ রানে দুটি উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়া আবাহনীর শুরুটা ছিল ভীষণ বাজে। স্কোরবোর্ডে ৫০ রান তোলার আগেই পারভেজ রসুলের ঘূর্ণিত ফেরেন টপ অর্ডারের ৩ ব্যাটার! তার পর শামীম হোসেনের ৭২ বলে ৫১ রানের ইনিংসের ওপর ভর করেই আবাহনী কোনও রকমে ১৭৭ রান সংগ্রহ করতে পেরেছে। শামীম ছাড়া জাকির আলী অনিকের ব্যাট থেকে আসে ৩২ রানের ইনিংস।
শেখ জামালের পারভেজ রসুল ২৯ রান খরচায় নেন ৫টি উইকেট। এছাড়া সানজামুল দুটি ও রবিউল ইসলাম একটি উইকেট নেন। দারুণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন পারভেজ।