পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। এই মাঠে প্রথম দিনের গড় স্কোর ২৭৪ হলেও স্বাগতিকরা আছেন বেশ এগিয়ে। ফলে ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে প্রথম দিন শেষ করা প্রোটিয়ারা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে। তবে বাড়তি রান দিয়ে আফসোস করছে সফরকারী বাংলাদেশ! প্রথমদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া দেখালেন তাইজুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে বামহাতি স্পিনার বলেছেন, ‘উইকেটে প্রথম এক ঘণ্টা হেল্প ছিল। কিন্তু আস্তে আস্তে উইকেটটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা যদি আরও একটু কমে তাদেরকে রাখতে পারতাম, তাহলে দিন শেষে ওদের আরও ২/১ টি উইকেট পড়ার চান্স থাকতো। আমার মনে হয় ওরা সামান্য একটু এগিয়ে আছে।’
ডারবান টেস্টে একাদশে সুযোগ না পেলেও পোর্ট এলিজাবেথে সুযোগ এসেছে বাঁহাতি স্পিনার তাইজুলের। বাংলাদেশি বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল ছিলেন তিনি-ই। সবচেয়ে বেশি ৩২ ওভার বোলিং করে ৭৭ রান খরচায় শিকার করেছেন তিনটি উইকেট। নিজের বোলিং নিয়ে তাইজুল বলেছেন, ‘আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যায়। আসলে ছন্দ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।’
লাঞ্চের আগে ৫ ওভার বল করেছেন। কোনও সফলতা পাননি। প্রথম সেশনের বিরতির পরই ফিরিয়েছেন ডিন এলগারের মতো বিপজ্জনক ব্যাটারকে। ধীরে ধীরে কীভাবে সফলতা এলো সেই পরিকল্পনার কথা জানান তাইজুল, ‘খেয়াল করলে দেখবেন লাঞ্চের আগে আমি পাঁচ ওভার করছি। তখন আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। কারণ ওই সময় রানরেট একটু বেশি ছিল। আমার পরিকল্পনা ছিল রানরেট যদি একটু কমিয়ে আনা যায় সেদিকে। কমিয়ে আনতে পারলে আমি পেস ভ্যারিয়েশনে যাবো, এরকম একটা পরিকল্পনা ছিল। লাঞ্চের আগে চেষ্টা করেছি যতটা সম্ভব কম রান দেওয়ার। এর পরে এসে চেষ্টা করছি রান কম দেওয়ার পাশাপাশি উইকেট টেকিং বোলিং করার।’