ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো কাটছে না গত কয়েক মৌসুম আগে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। লিগের নবম ম্যাচে এসে আটবারের মতো হারের স্বাদ পেয়েছে তারা। মঙ্গলবার শাইনপুকুরের বিপক্ষেও হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। এই হারে অবনমন-শঙ্কায় রয়েছে ক্লাবটি।
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ২১৬ রান সংগ্রহ করেছিল খেলাঘর। জবাবে খেলতে নেমে অভিষেক মিত্রের হাফসেঞ্চুরি (৬২), তাজিবুল ইসলামের ৪০ ও সাজ্জাদুল হক রিপনের অপরাজিত ৩৫ রানে ভর করে নির্ধারিত ৩৩ ওভারের আগেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শাইনপুকুর।
খেলাঘরের বোলারদের মধ্যে নাহিদ উর জামান ও নুর আহমেদ সাদ্দাম দুটি করে উইকেট নেন। এছাড়া ইলিয়াস সানী ও ইফতেখার সাজ্জাদ একটি করে উইকেট নেন।
শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানে দুই ওপেনারকে হারালেও অমিত মজুমদারের ৫৭ এবং মিডল অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসে নির্ধারিত ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে খেলাঘর। অবদান রাখেন সালমান হোসেন ইমন (৩৪), ইলিয়াস সানি (৩৩) ও অমিত হাসান (২৬)।
শাইনপুকুরের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু ৪৫ রানে চারটি উইকেট নেন। এছাড়া রিপন মণ্ডল দুটি এবং আনিসুল ইসলাম একটি উইকেট নেন।