পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার লিগে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ (সোমবার) প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭২ রানে হারিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। রাউন্ড রবিন লিগের ম্যাচে গাজী গ্রুপকে ৯ উইকেটে হারিয়েছিল তারা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও শেখ জামালের কাছে পাত্তা পায়নি গাজী গ্রুপ। সব মিলিয়ে টানা জয়ের মধ্যে আছে শেখ জামাল।
বিকেএসপির তিন নম্বর মাঠে ২৭২ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি গাজী গ্রুপ। ভারতীয় ব্যাটার ধ্রুব শোরের ৫৫ রানের ইনিংস ছাড়া আর কেউই উল্লেখ করার মতো রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ফরহাদ হোসেন। আকবর আলী ১৪, আল-আমিন ৪ রান করেন। সব মিলিয়ে ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান করে গাজী গ্রুপ।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছেন শেখ জামালের পারভেজ রসুল। ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। অলরাউন্ডস পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এছাড়া এবাদত হোসেন তিনটি ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার রবিউল ইসলাম রবির ৫৮ রানের পর কাজী নুরুল হাসান সোহান ও পারভেজ রসুলের ৭৩ রানের দুটি ইনিংসে বড় সংগ্রহ পায় শেখ জামাল। সোহান ৭২ বলে ৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান। ভারতীয় ব্যাটার রসুল ৬৪ বলে ৭ চার ও ২ ছক্কার সাজান তার ইনিংসটি।
গাজী গ্রুপের ধ্রুব শোর তিনটি ও মিরাজ মাহবুব নিলয় নেন দুটি উইকেট।