সামি-রুবেলের মৃত্যুতে মোহামেডানের শোক

জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার পেসার সামিউর রহমান সামি ও স্পিনার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। এই দুই ক্রিকেটারই ক্লাব ক্রিকেটে মোহামেডানের হয়ে খেলেছেন।

এক শোক বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘মৃত্যু অবধারিত। এর থেকে বাঁচার কোনও উপায় নেই। সবাইকে একদিন, না একদিন যেতে হবে। কিন্তু একই দিন দুই ক্রিকেটার সামিউর রহমান সামি ও মোশাররফ হোসেন রুবেলের মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য গভীর বেদনার। আমি দুই ক্রিকেটারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শোক বার্তায় মাসুদুজ্জামান আরও বলেন, ‘এই দুই ক্রিকেটার মোহামেডানের হয়ে খেলার সময় নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন। ক্লাবের অনেক সাফল্যে তাদের যথেষ্ট অবদান রয়েছে। দুই জনের বিদায় ক্রিকেটের জন্য অপূরনীয় ক্ষতি।’

প্রসঙ্গত, সামিউর রহমান সামি ও মোশাররফ হোসেন রুবেল দু’জনেই দীর্ঘদিন ব্রেইন টিউমারে ভুগে ১৯ এপ্রিল (মঙ্গলবার) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে মারা যান ৬৮ বছর বয়সী সামিউর রহমান সামি। বিকালে মৃত্যু ঘটে ৪০ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেলের।