আগামীকাল (মঙ্গলবার) শিরোপা লড়াইয়ে শেখ জামালের প্রতিপক্ষ আবাহনী। এই ম্যাচটি জিতেই শিরোপা নিশ্চিত করে ফেলতে চায় দলটি।
প্রাইম ব্যাংকের বিপক্ষে আগের ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত শেখ জামালের। কিন্তু সেটি হয়নি। দলটি প্রাইম ব্যাংকের কাছে পাত্তাই পায়নি। এখন ট্রফি জয়ের পথে শেখ জামালের সঙ্গে লড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জও। তবে বাকি ম্যাচগুলোতে শেখ জামালের হারের পাশাপাশি রূপগঞ্জকেও জিততে হবে, তাহলেই কেবল মাশরাফি-সাকিবদের দল শিরোপার স্বাদ পাবে।
তবে অন্য হিসাবে যেতে চায় না শেখ জামাল। মঙ্গলবারই শিরোপা জিততে মুখিয়ে আছে তারা। দলটির কোচ সোহেল ইসলাম বলেছেন, ‘ব্যাটিং-বোলিংয়ে আমাদের একটি বাজে দিন গেছে। এর আগে আমরা টানা জিতেছি। ভুল করেছিলাম। কিন্তু জয়ে সেগুলো আড়াল হয়েছে। আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা শিরোপা জিততে চাই। এজন্য জিততেই হবে।’
মিরপুরে শেখ জামালের প্রতিপক্ষ আবাহনী। রাউন্ড রবিন লিগে তারা বিকেএসপিতে আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছিল। এবার নিশ্চয় বদলা নিতে মুখিয়ে থাকবে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। তাছাড়া এবার শিরোপার লড়াইয়ে না থাকলেও দারুণভাবে লিগ শেষ করতে চান আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন, ‘আমরা হয়তো শিরোপা জিততে পারবো না। কিন্তু শেষ ম্যাচগুলো জিতে ভালোভাবে লিগ শেষ করতে চাই। সামনে আমাদের দুটি ম্যাচ। দুটি ম্যাচই জিততে চাই।’
বিকেএসপিতে মাশরাফিদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ ম্যাচে তারা হেরে যাওয়ায় শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে। মঙ্গলবার শেখ জামাল জিতে গেলে মাশরাফিদের করার কিছুই থাকবে না। বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিতেও কোনও লাভ হবে না। ২২ পয়েন্ট নিয়ে শেখ জামাল এখন শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ দুইয়ে।