শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাদ পড়ায় প্রশ্ন তুলেছিলেন আবু জায়েদ রাহী। হতাশা প্রকাশ করে বলেছিলেন, এর মধ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন তিনি! এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুনানির জন্য থাকে তলব করতে যাচ্ছে বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ব্যাপারটি নির্বাচকদের দেখতে বলেছেন। ফলে নির্বাচকরা শুনানির জন্য রাহীকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেছেন, ‘ঈদের পর রাহীকে আমরা ডাকবো।’
রাহীর প্রশ্ন তোলার ভঙ্গি নিয়ে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন নান্নু। এখন এই মিডিয়াম পেসারের কথা শোনার পর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন, ‘শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়ায় তাকে এভাবে কথা বলতে দেখে ভীষণ হতাশ হয়েছি। শুনানির পরেই আমরা তার বিরুদ্ধে পরবর্তী করণীয় ঠিক করবো।’
বিগত বছরগুলোতে টেস্ট দলে রাহীর থাকা প্রায় নিয়মিতই ধরে নেওয়া হতো। যেহেতু সুইয়ের কার্যকারিতা তাকে আলাদা সুবিধা দিতো। কিন্তু সাম্প্রতিক সময়গুলোয় সেই ধারটা পাওয়া যায়নি। তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে ফর্ম বিবেচ্য ছিল না। দেশের মাটিতে কম গতি আর সুইং কাজ করবে না-এমন ভাবনাই নির্বাচকদের ভাবিয়েছে বেশি। তাছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন টেস্টে কোনও উইকেটই পাননি তিনি। যার কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় গেলেও একাদশে স্থান পাননি।
তাতে হতাশ রাহী প্রতিক্রিয়া জানান এভাবেই, ‘মিরপুরে হওয়া শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। এই পেস দিয়েই। আমার মনে হয় না গতি এখানে কোনও ইস্যু। এখানে অন্য কোনও কাহিনি থাকতে পারে।’