দল জিতলেও খরুচে বোলিং রুমানার

দুবাইয়ে ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টে জিতেছে রুমানা আহমেদের বার্মি আর্মি উইমেন্স। তবে বল হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের  এই স্পিনার।

আগে ব্যাট করে টর্নেডোস উইমেন্স নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। মজার বিষয় হলো দুটির একটি উইকেটও বার্মি আর্মির বোলাররা ফেলতে পারেননি। দুটি উইকেটই এসেছে ফিল্ডারদের দক্ষতায়। কবিশা এগোদগে ও হিদার নাইটের থ্রোতে টর্নেডোর দুই ওপেনার সোফি ডিভাইন (৪) ও স্টেরে কালিস (০) রান আউট হয়েছেন। মাত্র ৫ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলে সুনে লুউস ও স্টেফানি টেলরের ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি। লুউস ৫৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে টেলর ৫৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বার্মি আর্মির কোনও বোলারই ত্রাস ছড়াতে পারেননি। বাংলাদেশের রুমানা ২ ওভারে ১৯ রান খরচায় উইকেট শূন্য ছিলেন। দলের সবচেয়ে খরুচে বোলারও তিনি। 

বোলিংয়ে ব্যর্থ হলেও ব্যাটিংয়ে দুর্দান্ত ছিল রুমানাদের দল। ১৫১ রানের জবাবে খেলতে নেমে ১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় তারা। দলটির দুই ওপেনার মিলে তুলেছেন ১১৬ রান। ওপেনার কবিশা এগোদগে ৪৩ রানে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন। এরপর লরা ওলভার্ট ৮ রানে ফিরে গেলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি বার্মি আর্মির। ওপেনার ডিয়েন্ড্রা ডট্টিন ৫৬ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে নামা হিদার নাইট খেলেন ৯ বলে ২০ রানের অপরাজিত ইনিংস। টর্নেডো উইমেন্সের হয়ে একটি উইকেট নিয়েছেন সীতা রানা।