ওয়েস্ট ইন্ডিজে যাবেন না বাংলাদেশের স্পিন কোচ

আগামী মাসের প্রথম সপ্তাহে ক্যারিবিয়ান অঞ্চল সফর করবে বাংলাদেশ দল। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে। এই সফরে শ্রীলঙ্কার স্পিন গ্রেট রঙ্গনা হেরাথকে পাচ্ছে না বাংলাদেশ। পরিবারকে সময় দিতে ছুটি চেয়ে বিসিবি বরাবর আবেদন করেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ‘হেরাথ ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাদের সঙ্গে থাকবেন না, তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথ না গেলে তার জায়গায় কে যাবেন, এটি এখনও নিশ্চিত হয়নি। স্থানীয় কোচ সোহেল ইসলামকে দায়িত্ব দেওয়া হতে পারে।

আগামী ৬ জুন বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা করার কথা। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও জানা গেছে বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নামবে ১৬ জুন অ্যান্টিগায়। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে শুরু, সেন্ট লুসিয়ায়। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় সিরিজের শেষ ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানায়। ম্যাচগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১০, ১৩ ও ১৬ জুলাই।