আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। এই সিরিজে দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম ও ঢাকা টেস্টের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সর্বনিম্ন ৫০ টাকায় এবং সর্বোচ্চ ৫০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি। এই অনুষ্ঠানে টিকিটের নির্ধারিত মূল্যের বিষয়ে বিস্তারিত জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
ম্যাচের আগের দিন থেকে বিসিবির নির্ধারিত বুথে পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিট। চট্টগ্রামে বিটাক মোড় সংলগ্ন অস্থায়ী বুথে এবং মিরপুরে ইনডোর স্টেডিয়ামে সংলগ্ন অস্থায়ী বুথে টিকিট বিক্রি হবে। এছাড়া পাওয়া যাবে অনলাইনে। ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ২৩ মে থেকে।
প্রথম ম্যাচের জন্য চট্টগ্রামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দিন প্রতি ৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।
দ্বিতীয় ম্যাচে মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে হলে গুনতে হবে ৫০০ টাকা। এছাড়া ভিআইপি গ্যালারি ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।