নাথান ম্যাককালাম, মিচেল স্যান্টনার ও ইশ সোধি এই তিন বিশেষজ্ঞ স্পিনারকে রেখেই আসন্ন টি-টোয়েন্ট বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাওয়ায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনসিবি)। উপমহাদেশের কন্ডিশনের কথা চিন্তা করে দলে রাখা হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার।
কিউই কোচ মাইক হেসন বলেছেন, ভারতের কন্ডিশনের কথা ভেবেই আমরা তিনজন ফ্রন্ট লাইন স্পিনারকে দলে রেখেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নাথান ম্যাককালামের অভিজ্ঞতা কাজে লাগবে। এছাড়া নাথান এবং স্যান্টনার দুইজনই প্রথম ছয় ওভার বল করতে সক্ষম। স্পিনে অপশন হিসেবে কেন উইলিয়ামসনও থাকছে।
স্কোয়াডে থাকা টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনগান ও ব্যাটসম্যান রস টেইলর বর্তমানে চোট আক্রান্ত। এই তিনজনকে নিয়ে মাইক হেসন বলেছেন, তারা তিন জনই চোটে পড়েছেন। আশা করি টুর্নামেন্ট শুরুর আগেই তারা দলের সঙ্গে যোগ দেবে। এছাড়া দলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান হেনরি নিকোলস। অভিজ্ঞ লুক রঞ্চির তাকেও দলে নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও কোয়ালিফাইয়ার হয়ে আসা একটি দল।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিল গাপটিল, মিচেল ম্যাকক্লেনেগান, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।
/এমআর/