লঙ্কানদের তুলনায় দ্রুত রান তুলছেন তামিম-জয়

দৃঢ়চেতা মনোবল নিয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তুলনায় রান তোলার গতিও বেশি। যেখানে ২৫ ওভারে ২ উইকেট হারানো লঙ্কানদের ৩.০৪ রান রেটে সংগ্রহ ছিল ৭৬। তুলনায় সমান পর্যায়ে (২৫ ওভার) বাংলাদেশের দুই ওপেনার ৪.১৬ রান রেটে তুলে ফেলে ১০৪ রান! ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ১৩১ রান।  স্বাগতিকরা পিছিয়ে আছে ২৬৬ রানে। 

চট্টগ্রামে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর দারুণভাবে জবাব দিচ্ছেন দুই ওপেনার। ৩২তম ফিফটি তুলে নিয়েছেন তামিম। ব্যাট করছেন ৭৩ রানে। ৪৪ রানে সঙ্গে রয়েছেন মাহমুদুল হাসান জয়।

স্বাগতিকদের সফলই বলতে হবে। নিজেদের চাওয়া মতো লঙ্কানদের চারশ’র মধ্যে বেঁধে রাখতে পেরেছে। অ্যাঞ্জেলো ম্যাথুজকে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত করেছেন নাঈম। লঙ্কান এই ব্যাটারই সফরকারীদের এতদূর পর্যন্ত টেনে এনেছেন। তার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

বিপরীতে অফস্পিনার নাঈম হাসানের কীর্তিও কম না। দারুণ বোলিংয়ে লঙ্কানদের চারশোর আগে গুটিয়ে দেওয়ার মূল কৃতিত্ব তো তারই। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩০ ওভারে ১০৫ রানে ৬ উইকেট নিয়েছেন। লঙ্কানদের বড় সংগ্রহের পথে বাধা হয়েছিলেন তিনিই।

সাকিব ৩৯ ওভার বল করে ৬০ রানে নিয়েছেন ৩টি। মেডেনও দিয়েছেন ১২টি। তাইজুল ৪৮ ওভারে ১২ মেডেনে ১০৭ রানে নিয়েছেন একটি উইকেট।