মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। দুজনেই খেলছেন ট্রেইলব্লেজারসের জার্সিতে। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের আগে খেলার অভিজ্ঞতা থাকলেও শারমিন আক্তার সুপ্তা প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। যদিও অভিষেকটা একদমই ভালো কাটেনি বাংলাদেশের এই ব্যাটারের। ৪ বল খেলে রানের খাতা না খুলেই আউট হয়েছেন।
সুপ্তা ব্যর্থ হলেও বল হাতে আলো ছড়িয়েছেন সালমা খাতুন। সেটি অবশ্য দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ট্রেইলব্লেজারস ৪৯ রানে হেরেছে সুপারনোভাসের কাছে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আগে ব্যাট করা সুপারনোভাস ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে হারমানপ্রীত কৌর ৩৭ রান করেন। এছাড়া হারলিন দেওলের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।
ট্রেইলব্লেজারসের বোলারদের মধ্যে হেইলি ম্যাথিউজ ২৯ রানে তিনটি উইকেট নেন। বাংলাদেশের স্পিনার সালমা খাতুন ৩০ রান দিয়ে নেন দুটি উইকেট।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ট্রেইলব্লেজারস। অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৩ বলে ৩৪ রান করতে পেরেছেন। জেমিমাহ রুদ্রিগ্রেস করেন ২৪ রান। বাংলাদেশের দুই ব্যাটার সালমা খাতুন ও শারমিন আক্তার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। সুপ্তা খেলেন ৪ বল, সালমা ৭ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে টেইলব্লেজারস।
পূজা বস্ত্রকার সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। আলানা কিং ও সোফি একলেস্টোন নেন দুটি করে উইকেট।