১৯৬৬ লর্ডস টেস্ট বাঁচানোর জন্য চিরস্মরণীয় হয়ে আছেন ডেভিড হলফোর্ড। কাজিন গারফিল্ড সোবার্সের সঙ্গে মিলে ২৭৪ রানের জুটি গড়েছিলেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি গড়ার পথে করেন অপরাজিত সেঞ্চুরিও। ৮২ বছর হয়ে যাওয়া এই ক্যারিবীয় অলরাউন্ডারকে হারিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
লেগ স্পিনিংয়ের সঙ্গে লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে ছিলেন ভীষণ কার্যকরী। ২৪ টেস্ট খেলা এই অলরাউন্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বেশ কিছুদিন রোগভোগের পর সোমবার বারবাডোজে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি।
হলফোর্ড টেস্ট ক্যারিয়ারের শুরু থেকেই অসামান্য অবদান রাখছিলেন। লর্ডস টেস্টের সেই অবিশ্বাস্য ম্যাচটি ছিল তার তৃতীয় টেস্ট ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিবীয়রা। দলের বিধ্বস্ত অবস্থাতে হলফোর্ড জুটি গড়েন কাজিন সোবার্সের সঙ্গে। জুটি গড়ার পথে হলফোর্ড ১৬৩ রানে অপরাজিত ছিলেন।
হলফোর্ডের সেরা টেস্ট বোলিং ছিল ভারতের বিপক্ষে ১৯৭৬ সালে। প্রথম ইনিংসে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন। পরে এই অসাধারণ বোলিংই জয়ের মঞ্চ গড়ে দিয়েছে।
ক্রিকেট ছেড়ে দেওয়ার পর হলফোর্ড ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক ও টিম ম্যানেজারেরও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট।