দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরতে হয়েছে শরিফুল ইসলামকে। গোড়ালির চোট সারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন যদিও। কিন্তু চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করতে গিয়ে ফের ছিটকে গেছেন। বামহাতি পেসার এখন পর্যন্ত চোটমুক্ত হননি। ক্যারিবীয় সফরে নাম থাকলেও যাওয়ার আগে তাকে স্কিল ক্যাম্প করতে হবে বাংলাদেশ টাইগার্সে। সোমাবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আঙুলের চোটে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দলে নেই শরিফুল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন। এখন দেশ ছাড়ার আগে আগামী ১২ জুন থেকে শরিফুলের বাংলাদেশ টাইগার্সে স্কিল ক্যাম্পে অংশ নেওয়ার কথা। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে এই ক্যাম্পে রাখা।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরিফুলের ফ্র্যাকচারের ২১ দিন পূর্ণ হবে ৮-৯ তারিখের দিকে। ওই সময় ওর প্লাস্টার খোলা হবে। প্লাস্টার খোলার সঙ্গে সঙ্গে শরিফুলকে আমরা টাইগার্সদের ক্যাম্পে অন্তর্ভুক্ত করবো।’
ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়া ও স্কিল ট্রেনিং একসঙ্গে চলবে জানিয়ে বিসিবির এই চিকিৎসক আরও বলেছেন, ‘ক্যাম্পে ফিজিওথেরাপি, পুনর্বাসন ও স্কিল ট্রেনিং একসঙ্গে চলবে। যেহেতু শরিফুলের ইনজুরি নন-বোলিং হ্যান্ডে, আশা করছি কোনও সমস্যা হবে না।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা শরিফুল দেশ ছাড়বেন ২৩ জুন। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। এরপর দ্বিতীয় টেস্ট ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৪ জুন থেকে। টেস্টের পর তিন টি-টোয়েন্টি হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।