স্কুল ক্রিকেট

সাকিবের ঘূর্ণিতে ফাইনালে শিশু নিকেতন, প্রতিপক্ষ মেহেরপুর স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সোমবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

আজ (শনিবার) সেমিফাইনালে শিশু নিকেতন ৪২ রানে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৩ উইকেটে খুলনার গাজী মেমোরিয়াল স্কুলকে হারিয়েছে।

শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে সেমিফাইনালে টস জিতে শিশু নিকেতন প্রথমে ব্যাটিংয়ে নামে। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৩ রানে ৫ উইকেট হারায় শিশু নিকেতন। তবে সৈকত রহমান শ্রাবণের ৬৯ বলে ১৮ ও ইয়াসিন আরাফাত সাকিবের ৫৮ বলে অপরাজিত ১৪ রানে তিন অঙ্কের ঘরে পৌঁছায় শিশু নিকেতনের সংগ্রহ।

১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসিন আরাফাত সাকিব ও সাইখ ইমতিয়াজ শিহাবের ঘূর্ণিতে ৫৮ রানে গুটিয়ে যায় সুনামগঞ্জের প্রতিষ্ঠানটি। দলের কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

বাঁহাতি স্পিনার সাকিব ১০ ওভারে ১৯ রানে নেয় ৫ উইকেট। আর লেগ স্পিনার শিহাবের ৯.৪ ওভারে ১৮ রানে শিকার ৪ উইকেট। ১৪ রান ও ৫ উইকেট নেওয়া সাকিব ম্যাচসেরা।

সিটি ক্লাব মাঠে আরেক সেমিফাইনালে টস জিতে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ গাজী মেমোরিয়াল স্কুলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। কাজী মুজাহিদুল ইসলাম রাফিন ৪১ ও অধিনায়ক এস এম আনোয়ার হোসেনের ৩৯ রানে ৪২.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৫৮ রান করে গাজী মেমোরিয়াল।

জবাবে শাহরিয়ার আজাদ পিয়াস (৪১), আলিফ হোসেন (২৮) ও আরাফাত আমান রাইয়ানের (২৮) ব্যাটে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।