ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে দারুণ ব্যাটিং করলেন তামিম ইকবাল। বলতে গেলে প্রস্তুতি ম্যাচটি একাই খেলেছেন এই ওপেনার! তার অপরাজিত ১৬২ রানের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারী বাংলাদেশ।
তিন দিনের প্রস্তুতি ম্যাচটিতে তামিম ছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল নাজমুল হোসেন শান্ত। ৯৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এছাড়া নুরুল হাসান সোহান খেলেন ৩৫ রানের ইনিংস। বাকিদের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি।
কুলিজ ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে ৬ উইকেটে ২৭৪ রান ছিল বাংলাদেশের। শনিবার দ্বিতীয় দিনের সকালে আরও ৩৬ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক লিটন দাস।
শুক্রবার শুরুতেই ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। এরপর তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন। তামিম একপ্রান্ত আগলে রাখলেও শান্ত ৫৪ রান করে আউট হন। ৯৯ বলে ৯ চারে শান্ত নিজের ইনিংসটি সাজিয়েছেন।
এদিকে সাম্প্রতিক সময় রান খরায় ভুগছিলেন মুমিনুল। কিছুটা নির্ভার হতেই শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই নেতৃত্ব ছেড়ে দেন এই ব্যাটার। সবার প্রত্যাশা ছিল দায়িত্বের বোঝা কমিয়ে ছন্দে ফিরবেন লিটল মাস্টার খ্যাত মুমিনুল। কিন্তু ৬ বল খেলে অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ৪, মেহেদি হাসান মিরাজ আউট হন ৭ রান করেন। ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত হয়ে স্বেচ্ছায় অবসরে যান। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে ১৯ রানের ইনিংস।
দলের তৃতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। একের পর এক সঙ্গী হারালেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান তামিম। ২৮৭ বলে ২১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬২ ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি
সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনায় ছিলেন তামিম। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে সাম্প্রতিক বিতর্কের ছাই চাপা দিলেন এই ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০/৭ ইনিংস ঘোষণা, (তামিম ১৬২*, শান্ত ৫৪, সোহান ৩৫, মোসাদ্দেক ১৯, জয় ০, মুমিনুল ০, লিটন ৪, মিরাজ ৭)।