১৮৭ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

অ্যান্টিগা টেস্ট শুরু হতে কয়েক ঘণ্টা বাকি। তবু খেলা দেখা নিয়ে উদ্বেগ কাটেনি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখনও ধোঁয়াশায়। প্রায় ১৯ বছর পর বাংলাদেশে খেলা দেখতে না পারার আশঙ্কার মেঘ উড়ছে। একটা সুখবর অবশ্য আছে। তবে সেজন্য টাকা খরচ করতে হবে। চাইলে ২ ডলার, অর্থাৎ ১৮৭ টাকা খরচ করে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা যাবে।

বিশ্বের যেকোনও প্রান্ত থেকে ম্যাচ সরাসরি দেখতে ‘আইসিসি টিভি’ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের পুরো সিরিজ উপভোগ করতে চাইলে খরচ করতে হবে ২ ডলার বা ১৮৭ টাকা। এজন্য আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কিংবা সরাসরি এই লিংকে (welcome.icc.tv) গেলেও হবে। চার্জ হিসেবে ২ ডলার পরিশোধ করতে হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে।

আইসিসি ওয়েবসাইটে গিয়ে কিংবা ওপরের লিংকে গেলেই চলে আসবে ‘আইসিসি টিভি’র পেজ। এরপর বাংলাদেশ অঞ্চল নির্বাচন করে নির্দিষ্ট এলাকার জিপ কোড দিয়ে রেজিস্ট্রেশনের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হবে। ইমেইল-পাসওয়ার্ডসহ সব তথ্য দিলে আসবে টাকা দেওয়ার পদ্ধতি।

কিন্তু সমস্যা হলো বাংলাদেশের সবার কাছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড নেই। ফলে সুযোগ থাকা স্বত্ত্বেও খেলা দেখতে পারবেন না বাংলাদেশের সব দর্শক। এই কারণে বিসিবি ও টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিজটি বিনামূল্যে দেখার ব্যবস্থা করার। আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তবে বিসিবি আশা করছে ইতিবাচক কিছু হবে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এবার বাংলাদেশ সিরিজের প্রচার স্বত্ব কিনেছে টিএসএম। তাদের কাছ থেকেই বাংলাদেশের দুটি বেসরকারি চ্যানেল সাধারণত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি টিভিতে সম্প্রচার স্বত্ব কিনে নেয়। তাদের সিন্ডিকেটের একটি ব্যবসায়িক দ্বন্দ্বেই মূলত সম্প্রচার নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তারা টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের কাছ থেকে ফিড নেয়নি। তাই বাংলাদেশের সমর্থকরা সাকিব-তামিমদের খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। 

প্রায় দুই দশক পর এমনটা ঘটতে যাচ্ছে। ২০০৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার হয়নি। তাই ভক্ত-সমর্থকরা টিভিতে তা দেখতে পারেননি। ১৯ বছর পর আরও একবার এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের সমর্থকরা।