স্বপ্নপূরণে উচ্ছ্বসিত ৪ তরুণ

বাঁ দিক থেকে মুস্তাফিজ, রনি, সোহান ও মিঠুন।ক্রিকেট খেলার শুরু থেকেই জাতীয় দলের হয়ে খেলার প্রত্যাশায় দিন গুণতে থাকেন ক্রিকেটাররা। তাদের প্রত্যেকেই স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলবেন একদিন। সেই স্বপ্ন যখন পূরণ হয় ধীরে ধীরে নতুন স্বপ্ন প্রস্ফুটিত হতে থাকে। ক্রিকেটের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট হচ্ছে বিশ্বকাপ। বর্তমানে ক্রিকেটে ৫০ ওভার এবং ২০ ওভারের বিশ্বকাপ প্রচলিত আছে।
আগামী মাসের শুরুতেই ভারতের মাঠে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরের জন্য বুধবার বিকেলে বিসিবি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে  বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে নতুন মুখের ছড়াছড়ি।

একদম নতুন ক্রিকেটারই ৪ জন। এরা হচ্ছেন-মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান। বাকি ১১ জনের বিশ্বকাপের মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাকিরা সবাই ছিলেন।

বুধবার ঘোষিত স্কোয়াডে ৩ জন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন। এছাড়া ১৫ জনের স্কোয়াডে আছেন ৫ পেসার। ধর্মশালায় পেস সহায়ক উইকেট বিবেচনায় নির্বাচকদের এমন সিদ্ধান্ত। এছাড়া দলে মূল স্পিনার আছেন মাত্র দুইজন আরাফাত সানি ও সাকিব আল হাসান। তবে সাব্বির-মাহমুদউল্লাহ-নাসির এই তিন জন ভালোই হাত ঘোরাতে জানেন!

প্রধান কোচ ফারুক আহমেদের বক্তব্য অনেকটা এমন। তিনি বলেন, ‘আমাদের কোয়ালিফাই ম্যাচগুলোতে জিততে হবে। কিন্তু সেখানে কন্ডিশন সিমিং। এ কারণে পেস বোলিং অপশন হাতে রেখেছি। তারপরও আমাদের দলে অনেকগুলো বাহাঁতি স্পিনার যেমন সাকিব ও সানি রয়েছে। এছাড়া নাসিরও ভালো বোলিং করছে বিগত কিছুদিন ধরে।’

এদিকে গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া দুই ক্রিকেটার আবু হায়দার রনি ও কাজী নুরুল হাসান সোহান এবং ২০১৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বসিত তারা।

গত বছরের জুলাইতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামে মুস্তাফিজুর রহমান। ওই ম্যাচেই জানান দিয়েছিলেন তিনি হারিয়ে যেতে আসেননি। গত বছরটি নিজের করে রেখেছেন তিনি। একটির পর একটি রেকর্ড গড়ে নিজেকে নিয়ে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে!

বুধবার দল ঘোষণা হওয়ার আধাঘণ্টা পরও মুস্তাফিজ জানেন না কখন দল দেওয়া হয়েছে! প্রতিবেদকের কথায় বেশ অবাক হলেন তিনি। তারপরও নির্লিপ্ত উত্তর, ‘খুব ভালো লাগছে সুযোগ পেয়ে।’ নিজেকে আরও ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যেতে চান কিনা এমন প্রশ্নে কিছুটা থেমে কাটার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বললেন, ‘সব সময় আমি খেলাটা খুব উপভোগ করি। এখানে চেষ্টা করবো সুযোগ পেলে দলের জন্য কিছু করতে।’

দলে ৫ জন পেসার অবাক লাগছে নিশ্চয়ই? তিনি বলেন, ‘না। কেনও অবাক হবো। নির্বাচকরা ভালো ভেবেই ৫ জন পেসার নিয়েছেন।’

২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল মোহাম্মদ মিঠুনের। এরপর এই দুই সংস্করণে আর মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এরপর প্রাথমিক একাদশে সুযোগ পেলেও মূল একাদশের হয়ে মাঠে নামা হয়নি তার।

এবার সরাসরি বিশ্বকাপেই সুযোগ পেলেন ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। সুযোগ সম্পর্কে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে অপ্রত্যাশিত বলবো না, তবে যেখানে ছিলাম সেখান থেকে এখানে সুযোগ পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এই পাওয়াটাকে আমি অনেক বড় পাওয়া বলেই মনে করছি।’

এরই মধ্যে লক্ষ্য স্থির করে ফেলেছেন মিঠুন। সুযোগ যেহেতু পেয়েছেন সেটা বিশ্বমঞ্চে কাজে লাগাতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমার লক্ষ্য একাদশে সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দেওয়া।’

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহানের। এই উইকেট কিপার ব্যাটসম্যান সুযোগটা বেশ ভালো ভাবেই কাজে লাগিয়েছেন। সবমিলিয়ে তাই বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে নুরুল হাসান সোহান বলেন, ‘অনেক ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগে বাবার স্বপ্নটা পূরণ করতে পারছি বলে। এখন আরও এগিয়ে যেতে চাই। সামনে যেখানেই সুযোগ পাবো চেষ্টা করবো দলের প্রয়োজনীয়তা পূরণ করতে।’

এদিকে বিপিএল তৃতীয় আসরে নিজেকে চেনানো আবু হায়দার রনিও ছিলেন জিম্বাবুয়ে সিরিজে। অভিষেকও হয়েছে ওখানেই। যার পরিপ্রেক্ষিতে সুযোগ পেয়েছেন ১৫ জনের স্কোয়াডে। রনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘খুব ভালো লাগছে বিশ্বকাপের মতো এমন একটি মঞ্চে সুযোগ পেয়েছি। আমার বাবা-মা অনেক খুশি। এখন শুধু পারফর্ম করে নিজেকে প্রমাণ করতে চাই।’

/আরআই/এফআইআর/