সোমবার ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে ঋষভ পান্ত-শ্রেয়াস আইয়াররা। কিন্তু কোভিড পজিটিভ হয়ে ভারতেই থেকে যেতে হয়েছে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে। অথচ জুলাইয়ে ১ তারিখ থেকে শুরু হবে এজবাস্টন টেস্ট।
করোনায় আক্রান্ত হয়ে অশ্বিন এখন কোয়ারেন্টিনে আছেন। এই অবস্থায় করোনা মুক্ত হয়ে সব প্রটোকল সম্পন্ন করতে পারলেই সফরে যেতে পারবেন। অবশ্য আগের বহরটি ১৬ জুন ভারত থেকে উড়াল দিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘অশ্বিন ইংল্যান্ডে যেতে পারেনি। যেহেতু যাওয়ার আগে তার কোভিড পজিটিভ ধরা পড়েছে।’
অবশ্য তিনি আশা প্রকাশ করেছেন যে প্রথম টেস্টের আগেই অশ্বিন সুস্থ হয়ে উঠতে পারবেন, ‘আশা করছি, সময়ের আগেই অশ্বিনকে পেয়ে যাবো। তবে লিস্টারশায়ারের প্রস্তুতি ম্যাচে হয়তো তাকে পাচ্ছি না।’
দলের যে অংশটি আগে ভারত ছেড়ে গেছে, তারা এরই মধ্যে লিস্টারশায়ারে অনুশীলন শুরু করে দিয়েছেন। তাদের অনুশীলনের নেতৃত্ব দিচ্ছেন বোলিং কোচ পরশ মামব্রে ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করে সর্বশেষ সফরে গেছেন কোচ রাহুল দ্রাবিড়, ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়াররা। মঙ্গলবার তাদের লিস্টারশায়ারে পৌঁছানোর কথা।
গত বছরে করোনার প্রকোপে স্থগিত হয়ে যায় ইংল্যান্ড-ভারতের শেষ টেস্ট। ওই টেস্টটি সম্পন্ন করেই দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। তখন সিরিজটিতে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।