অনেক অপেক্ষার পর অবশেষে হলো টস। যদিও টস ভাগ্য বাংলাদেশের ‘পক্ষে’ আসেনি। ডোমিনিকার প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শুরুতে ব্যাটিংয়ে নামছে মাহমুদউল্লাহরা।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের পৌনে ২টা পর হয়েছে টস। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে। ডোমিনিকার প্রথম টি-টোয়েন্টি লড়াই হবে ১৬ ওভারে। এক বোলার সর্বোচ্চ ৪ ওভার করতে পারবেন। এছাড়া চার বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বোলিং করতে পারবেন। পাওয়ার প্লে ৫ ওভারের। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। ডোমিনিকার উইন্ডসর পার্কে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১১টায়। আর খেলা শুরুর সময় ছিল রাত সাড়ে ১১টায়। তবে নির্ধারিত সময়ে কিছুই হয়নি। ভেজা আউটফিল্ডের কারণে বিলম্ব হয়েছে টস হতে। সে সময় জানানো হয়েছিল, এক ঘণ্টা অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার মধ্যে খেলা শুরু হলেও কোনও ওভার কাটা যাবে না।
মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে লেগে পড়েন সকাল থেকেই। আউটফিল্ডে যেসব জায়গা নিচু বা পানি জমে ছিল, সেখানটা ঠিক করার কাজ করেছেন। আম্পায়াররা কয়েক দফা মাঠ পরিদর্শন করে তবে সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামরাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেড ম্যাককয়, হেইডেন ওয়ালশ।