৭ মাসে ভারতের ৭ অধিনায়ক, কী বলছেন সৌরভ

অধিনায়ক বদলের খেলা চলছে ভারতীয় দলে! এক সিরিজে রোহিত শর্মা অধিনায়ক তো, আরেক সিরিজে লোকেশ রাহুল। পরের সিরিজে আবার ঋষভ পান্ত কিংবা হার্দিক পান্ডিয়া। হিসাব বলছে, গত ৭ মাসে ভারতের ৭ অধিনায়ক দেখেছে ক্রিকেট বিশ্ব। একটা দলের নেতৃত্বে বারবার পরিবর্তন আসাটা মোটেও ভালো বার্তা দেয় না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীরও বিষয়টি পছন্দ নয়। তবে পরিস্থিতিই এমন হয়ে যাচ্ছে যে, অধিনায়কে বদল আনতে বাধ্য হচ্ছে বিসিসিআই।

ভারতের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক এখন রোহিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলি এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর রোহিতকে দেওয়া হয় দায়িত্ব। পরে সাদা বলে একই অধিনায়ক রাখতে কোহলিকে সরিয়ে ওয়ানডে অধিনায়কত্বও দেওয়া হয় এই ওপেনারকে। এরপর গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে কোহলি টেস্ট অধিনায়ক থেকেও সরে দাঁড়ালে রোহিতের কাঁধেই চাপে লাল বলের নেতৃত্ব।

কিন্তু রোহিতকে ভারতের নেতৃত্বে পাওয়াই যাচ্ছে না। কখনও চোট, কখনোবা অসুস্থতার কারণে থাকতে হচ্ছে দলের বাইরে। তাছাড়া ভারতের সূচি এত ঠাসা যে, ‘আলাদা’ দল করতে হচ্ছে। গত ৭ মাসে ভারতের নেতৃত্বে কোহলি, রোহিত, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা ও শিখর ধাওয়ান। শেষেরজন নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।

বারবার অধিনায়ক পাল্টানোর বিষয়টি ভালো লাগছে না বিসিসিআই সভাপতি সৌরভের। কিন্তু বাধ্য হয়েই এটা করতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন ভারতীয় এক সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে।

সাবেক ভারতীয় অধিনায়কের বক্তব্য, ‘(এই বিষয়টির সঙ্গে) আমি পুরোপুরি একমত। এত কম সময়ের মধ্যে ৭ অধিনায়ক মোটেও আদর্শ নয়। কিন্তু এটা করতে হয়েছে। যেমন, রোহিত দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে নেতৃত্বের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তার আগে চোটে পড়লো সে। তাই আমরা লোকেশ রাহুলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছিলাম। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও... একদিন আগে সে (রোহিত) চোটে পড়লো।’

রোহিতের অনুপস্থিতির কারণেই এতবার নেতৃত্বে বদল আনতে হচ্ছে ভারতকে। এতে কিছু করার নেই বলছেন সৌরভ, ‘ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় কোভিডে আক্রান্ত হলো রোহিত। এই পরিস্থিতিতে কারও দোষ নেই। সূচিই এমন যে, বিশ্রাম দিতেই হচ্ছে। প্রতিটি সিরিজে কোচ রাহুলের (দ্রাবিড়) অবস্থাটা আমরা বুঝি। পরিস্থিতিই এমন যে, আমাদের নতুন অধিনায়ক করতে হচ্ছে। এখানে কিছু করার নেই।’