শুক্রবার প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা নেপাল মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশের। শুরুতেই বিপর্যয়ে পড়া নেপালকে টেনে তুলছেন সেই রাজু রিজালই। এদিন বিশ্বকাপের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন রাজু। সাইফ উদ্দীনের বলে থার্ডম্যানে বলটি ঠেলে দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ফিফটি তুলে নেন নেপালের অধিনায়ক। ৫৮ বলে ৫ চার ও এক ছয়ে তিনি হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন।
শেষ পর্যন্ত ৮০ বলে ৭২ রান করে নাজমুল হোসেন শান্ত’র থ্রোতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৮টি চার ও একটি ছয়ে তিনি তার ইনিংস সাজান।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তার ব্যাটে চড়েই নিউজিল্যান্ডকে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতে সমর্থ হয় নেপাল। ওই দিন ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ম্যাচ শেষে রাজু রিজালের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ উঠে। দাবি উঠেছিল, তার বয়স ২৫! কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিষয়টা খতিয়ে দেখেছে। এরপর জানিয়েছে, বিষয়টি সত্যি নয়। রাজু যুব বিশ্বকাপে খেলার যোগ্য।
/আরআই/এফআইআর/