ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ছিল যাচ্ছেতাই। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশার সময় কেটেছে। তবে ওয়ানডে আসতেই বাঘের গর্জন শুনেছে বিশ্ব। ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দিয়ে ৫০ ওভারের সিরিজ রাঙিয়ে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে লাল-সবুজ দল। শেষটা রাঙিয়ে এসে মেহেদী হাসান মিরাজ জানালেন, এখন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন তারা।
গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে দুর্দান্ত দল হয়ে খেলছে বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজেও সেটির প্রমাণ মিলেছে। ফলে ২০২৩ সালের বিশ্বকাপ ঘিরে আশা বাড়ছে লাল-সবুজ দলের। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে এই দলের অন্যতম সেরা অস্ত্র মিরাজও কথা বলছেন বিশ্বকাপ নিয়ে, ‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১ বছর ২/৩ মাস আছে। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি, আমাদের যেভাবে ওয়েটা আছে। সো আমি মনে করি, এই প্রসেসে আগালে আমাদের সামনে বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে।’
কেন ভালো হতে পারে, এই অলরাউন্ডার সেটির ব্যাখ্যাও দিয়েছেন পরের কথায়, ‘কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। অলমোস্ট তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই (মুশফিক), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। তারপর আমি মোস্তাফিজ, লিটনরাও খেলেছে। অলমোস্ট আমরা যারা আছি, তাদেরও পাঁচ বছর ক্যারিয়ার হয়ে যাবে আন্তর্জাতিক। সো মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারবো।’
ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। ঘরের মাঠে বাংলাদেশ যে দুর্দান্ত, সেটি বলার অপেক্ষা রাখে না। তাছাড়া অ্যাওয়েতেও নিজেদের দাপট দেখিয়ে চলেছে তামিম ইকবালরা। তাহলে কি বিশ্বকাপ জেতার জন্য এটাই সেরা সুযোগ? মিরাজ অবশ্য মাঠেই প্রমাণের অপেক্ষায়, ‘অবশ্যই আমাদের সবারই দায়িত্ব। কারণ আমরা বিশ্বকাপে ভালো কিছু করলে নিজেদের জন্য যেরকম ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে আমরাই বিশ্বকাপ চ্যাম্পিয়নই হবো।’
তবে বিশ্বকাপের সঙ্গে সামনে এশিয়া কাপ জয়ের স্বপ্ন যে দেখছেন, সেটি অকপটে জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপটা জেতা যায়, সে ওয়েটা আমরা বের করতে পারি। এটা তো লাকের ওপর। অবশ্যই আমরা স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো।’