গলে চলছে শ্রীলঙ্কার দাপট

৩৪২ রানের টার্গেট দিয়েও গলের প্রথম টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩২৩ রানের লিড থাকার পরও তাই স্বস্তিতে থাকার কথা নয় লঙ্কানদের। তবে চালকের আসনে যে স্বাগতিকরা, তাতে কোনও সন্দেহ নেই। পাকিস্তানকে চেপে ধরে এবার জয়ের স্বপ্ন দেখছে দিমুথ করুণারত্নেরা।

আজ (মঙ্গলবার) গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় দিনে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা-পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩১ রানে অলআউট করা স্বাগতিকরা লিড নিয়েছে ৩২৩ রানের।

দ্বিতীয় দিনেই পাকিস্তানকে চেপে ধরেছিল শ্রীলঙ্কা। স্বাগতিকদের ৩৭৮ রানের জবাবে ৭ উইকেটে ১৯১ রান করেছিল পাকিস্তান। তৃতীয় দিনে আর ৪০ রান যোগ করেছে সফরকারীরা। দিন শুরু করা ইয়াসির শাহ করেন ২৬ রান। আর হাসান আলীর ব্যাট থেকে আসে ২১ রান।

আগের দিন বল হাতে আলো ছড়ানো রমেশ মেন্ডিস পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ৫ উইকেটের দেখা। ২১.১ ওভারে ৪৭ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ৮০ রানে পেয়েছেন ৩ উইকেট।

১৪৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। যদিও নিয়মিত ওপেনার করুণারত্নে ইনিংস শুরু করতে পারেননি। তিনি চোটের কারণে ফিল্ডিং না করায় তার জায়গায় ওশাডা ফার্নান্ডোর সঙ্গে ইনিংস শুরু করেন নিরোশান ডিকবেলা। এই উইকেটকিপারের বিদায়েই শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট। নাসিম শাহর বলে ফেরার আগে তিনি করেন ১৫ রান।

আরেক ওপেনার ওশাডাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৯ রানে বিদায় নেন তিনি। কুশল মেন্ডিসও (১৫) পারেননি বেশিদূর যেতে। তবে সবচেয়ে বেশি হতাশা গ্রাস করে অ্যাঞ্জেলো ম্যাথুজের আউটে। আগা সালমানের বল বাবর আজম মুঠোবন্দি করলেও আউট দেননি ফিল্ড আম্পায়ার। পাকিস্তান নেয় রিভিউ। আল্ট্রা এজে খুবই সুক্ষ্ম স্পাইক ধরা পড়ে। যেকারণে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। ফলে ৩৫ রানে বিতর্কিত আউটে শেষ হয় ম্যাথুজের ইনিংস। এরপর দিনেশ চান্ডিমাল ফেরেন ২১ রানে।

১১৭ রানে ৫ উইকেট হারালে চাপে পড়ে লঙ্কানরা। তবে পাকিস্তানের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ছয়ে নামা করুণারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ষষ্ঠ উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন ৫৯ রানে। ধনাঞ্জয়া ৩০* ও করুণারত্নে ২৭* রান নিয়ে শুরু করবেন চতুর্থ দিনের খেলা।

নাসিম শাহ ৯ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ ও আগা সালমানের।