ভারতের সামনেও অসহায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের ওই লজ্জা সঙ্গী করেই ভারতের বিপক্ষে ৫০ ওভারের সিরিজে নেমেছিল ক্যারিবিয়ানরা। নিজেদের মাটিতে এই সিরিজেও একই পরিণতি নিকোলাস পুরানদের। ভারতের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ তাদের। আবারও ওয়ানডেতে হোয়াইটওয়াশ ক্যারিবিয়ানরা।

বুধবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারিয়েছে ভারত। ত্রিনিদাদে বৃষ্টির কারণে ৩৬ ওভারের বেশি ব্যাট করতে পারেনি ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুবমান গিলের অপরাজিত ৯৮ রানে ভর করে ৩৬ ওভারে ৩ উইকেটে ২২৫ রান করে সফরকারীরা। এরপর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের লক্ষ্য ঠিক হয় ৩৫ ওভারে ২৫৭ রান। অতদূর যেতেই পারেনি স্বাগতিকরা। ২৬ ওভারে অলআউট মাত্র ১৩৭ রানে। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নেয় ভারত।

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় সফরকারীরা। দুই ওপেনার শিখর ধাওয়ান ও গিল মিলে তোলেন ১১৩ রান। ধাওয়ান ৫৮ রানে বিদায় নিলেও গিল হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। তবে দুর্ভাগ্য, বৃষ্টির কারণে ওভার কমে যাওয়ায় ৯৮ রানে অপরাজিত থাকতে হয় তাকে। ৯৮ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারি ও ২ ছক্কায়। এছাড়া শ্রেয়াস আইয়ার করেন ৪৪ রান। সঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ ৫৭ রানে ২ উইকেট ও আকিল হোসেইন ৪৩ রানে পেয়েছেন একটি উইকেট।

বৃষ্টি আইনে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। মোহাম্মদ সিরাজ ৩ ওভারে ১৪ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। তাদের চমৎকার বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৪২ রান করেছেন দুজন- ব্রেন্ডন কিং ও অধিনায়ক পুরান। ২২ রান আসে ওপেনার শাই হোপের ব্যাট থেকে।

দুর্দান্ত এক ম্যাচের সঙ্গে সিরিজ কাটানোয় ম্যাচের সঙ্গে সিরিজসেরাও হয়েছেন শুবমান গিল।