ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থ হওয়ার পরই আলোচনায় ছিল মুমিনুল হকের নাম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তখন জানিয়েছিলেন, এই ব্যাটারকে রানে ফেরাতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত মুমিনুলকে রাখা হয়নি। সৌম্য-মিঠুন-সাব্বিরদের নিয়েই আগামীকাল (শুক্রবার) ক্যারিবিয়ান অঞ্চলে উড়াল দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কেন মুমিনুলকে ‘এ’ দলের সঙ্গী করা হয়নি।
রাজ্জাক বলেছেন, “মুমিনুল আসলে অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে (‘এ’ দল) বিবেচনায় আনা-না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি, ওকে উপযুক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল, আবার সে অধিনায়কও (ছিল)। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়।”
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিসিবি প্রধান পাপন বলেছিলেন, “অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর) পাঠানোর চিন্তা তো থাকবেই। এগুলো তো আমার পক্ষে বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।”
যদিও রাজ্জাক মনে করেন, মুমিনুলের রানে ফেরার জন্য প্রয়োজন পূর্ণ বিশ্রাম, “আমি শুনেছি যে, মুমিনুলকে নাকি ‘এ’ দলেও জায়গা দেওয়া হয়নি! না, বিষয়টা এটা এমন না। খুব চাপে ছিল সে, মুমিনুলের এমন কোনও বয়স হয়ে যায়নি যে আর ফিরতে পারবে না। এমন না। এটা একদমই বিশ্রাম।’
২০১৩ সালে অভিষেকের পর মুমিনুল খেলেছেন ৫৪ টেস্ট। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত ছিলেন এই ব্যাটার। কিন্তু গত দুই বছর ধরে ফর্মহীনতায় ভুগছেন। লাল বলের ক্রিকেটে তার রান ৩ হাজার ৫২৯। এক সময় ৫০-এর ওপরে গড় থাকলেও সেটি ৩০-এর ঘরে নেমে গেছে। শেষ ১০ ইনিংসের ৯টিতেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।