ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন অনেকে। কিন্তু ভারতের সামনে সেখানেও পেরে উঠেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ফরম্যাটেও অব্যাহত থাকলো ভারতীয় আধিপত্য। ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬৮ রানে জিতেছে ভারত।
টস হেরে প্রথম ব্যাট করে রোহিত শর্মার দল। ওয়ানডেতে বিশ্রামের পর প্রথম সারির অনেক ক্রিকেটার এদিন খেলতে নেমেছিলেন। রোহিত শর্মার সঙ্গে ঋষভ পান্ত, রবীচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিকসহ রবীন্দ্র জাদেজাও।
দলে ফিরেই রোহিত শর্মা খেলেছেন অধিনায়কোচিত ইনিংস। ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেছেন। অবশ্য রোহিতের ফিরে যাওয়ায় ১২৭ রানে পড়ে পঞ্চম উইকেট। ১৩৮ রানে রবীন্দ্র জাদেজাও সাজঘরে ফিরলে শেষ দিকে রান করার কাজটা কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এই সময়ে চাপকে জয় করেন দিনেশ কার্তিক। ক্যামিও ইনিংস খেলে স্কোরটাকে নিয়ে যান নিরাপদ একটা জায়গায়। ১৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও ছিলেন তিনি। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে অশ্বিনও ১৩ রান করে অবদান রাখেন শেষ বেলায়। তাতে ভারত ৬ উইকেটে পেয়েছে ১৯০ রানের বড় সংগ্রহ। অভিষেক করা আলজারি জোসেফ ছিলেন সেরা বোলার। ৪৬ রানে নেন ২ উইকেট।
জবাবে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রানেই থেমে যায় ক্যারিবীয়রা। ভারতীয় বোলিং তোপে বিশেষ করে ৩ স্পিনার খেলানোর কৌশলটাই কাজে দিয়েছে। ৮ উইকেটের ৫টি নিয়েছেন তিনজন। সঙ্গে ক্যারিবিয়ানদের মতো ব্যাটিং লাইন আপের বিপরীতে ভারতের প্রত্যেকে ইকোনমিটাও সাড়ে ছয়ের ওপরে যেতে দেননি। পাওয়ার হিটারদের অবস্থা এতই করুণ ছিল, সর্বোচ্চ ২০ রান করেছেন শামার ব্রুকস। অধিনায়ক নিকোলাস পুরানও ১৮ রানের বেশি করতে পারেননি।
অশ্বিন ২২ রানে নিয়েছেন ২ উইকেট। আরশদ্বীপ সিং ২৪ রানে ও তরুণ লেগস্পিনার রবি বিষ্ণয়ও ২৬ রানে দুটি উইকেট নিয়েছেন। রবিন্দ্র জাদেজা ২৬ রানে নিয়েছেন ১টি।