জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত মোস্তাফিজুর রহমানের। খানিক পর শন উইলিয়ামস যখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন, তখনও সেই মোস্তাফিজের ছোঁয়ায় ফেরে স্বস্তি। হারারেতে বাঁহাতি পেসার যেমন আনন্দে ভাসলেন, তেমনি বাংলাদেশ ক্যাম্পেও ঝরলো খুশির ঝরনাধারা।
আজ (শনিবার) হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরেন মোস্তাফিজ। যদিও দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। স্কোর ১৫ ওভারে ৩ উইকেটে ১২৮ রান।
এবারের জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে তারুণ্যনির্ভর দল পাঠিয়েছে বাংলাদেশ। এই দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় তার দক্ষতা আরও বেশি। সেটিরই দেখা মিললো হারারেতে। জিম্বাবুয়ে ব্যাটারদের শাসনের বিপরীতে সাফল্য পেয়েছেন এই পেসার।
তার হাত ধরেই সফরকারীরা পায় প্রথম উইকেট। শুরু থেকেই ভুগছিলেন রেগিস চাকাভা। এই উইকেটকিপার ব্যাটার বেশিক্ষণ টিকতেও পারেননি। মোস্তাফিজের বলে মিডউইকেটে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ১১ বলে করে যান মাত্র ৮ রান।
আফ্রিকার দেশটি ওই ধাক্কা মোটামুটি কাটিয়ে উঠেছিল অধিনায়ক ক্রেগ আরভিন ও ওয়েসলি মাদেভেরের ব্যাটে। দুজন মিলে সুযোগগুলো কাজে লাগাচ্ছিলেন। বাজে বল সীমানা ছাড়া করে বাড়িয়ে নিচ্ছিলেন রান। তাদের জুটি যখন দাঁড়িয়ে যাচ্ছিল, ঠিক তখনই মোসাদ্দেক হোসেনের আঘাত। এই স্পিনারের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরভিন। যাওয়ার আগে জিম্বাবুয়ে অধিনায়ক ১৮ বলে ২ বাউন্ডারিতে করেন ২১ রান।
আরভিনের বিদায়ের পরের সময়টা জিম্বাবুয়ের। শন উইলিয়ামস ও মাদেভেরে রীতিমতো শাসন করেছেন বাংলাদেশের বোলারদের। বিশেষ করে, উইলিয়ামস চড়াও হয়েছিলেন বেশি। এই অবস্থায় স্বস্তি ফেরান সেই মোস্তাফিজ। উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান। জিম্বাবুইয়েন ব্যাটার ১৯ বলে খেলে যান ঝড়ো ৩৩ রানের ইনিংস। যাতে ছিল ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (উইকেটকিপার), ক্রেগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা।