লিটনের ‘অদ্ভুত’ রান আউট

লক্ষ্য অনেক বড়। শুরুটা তাই ভালো হওয়া প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতেই হারিয়ে বসে মুনিম শাহরিয়ারের উইকেট। ওই জায়গা থেকে দলকে দারুণ অবস্থানে নিয়ে আসেন লিটন দাস। কিন্তু ভুল বোঝাবুঝিতে অদ্ভুত রান আউটের শিকার হয়ে এই ব্যাটার ফেরার পর আবারও ব্যাকফুটে বাংলাদেশ।

আজ (শনিবার) প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ২০৫ রান। বিশাল এই লক্ষ্যের পিছে ছুটে বাংলাদেশের স্কোর ১৫ ওভারে ৪ উইকেটে ১৪০ রান।

২০০ রান টি-টোয়েন্টিতে কঠিন লক্ষ্য। তবে হরহামেশা এই লক্ষ্য পেরিয়ে যেতেও দেখা যায়। তাছাড়া প্রতিপক্ষ যেহেতু জিম্বাবুয়ে, তাই বাংলাদেশের মনোবল দৃঢ় হওয়ার কথা। একই সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলতে নেমে তারুণ্যনির্ভর দলের প্রমাণের ব্যাপার ছিল। বোলিংয়ে সুবিধা করতে না পারায় ব্যাটিংয়ের দিকে ছিল পরিপূর্ণ নজর। যদিও বিশাল লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।

মন্থর শুরুর পর ৮ বলে মাত্র ৪ রানে ফিরে যান মুনিম। ওয়েলিংটন মাসাকাদজার বলে তানাকা চিভাঙ্গার হাতে ধরা পড়েন এই ওপেনার। তার বিদায়ের পর অবশ্য তাণ্ডব চালিয়েছেন লিটন। ওয়ান ডাউনে নামা এনামুল হককে সঙ্গে করে দ্রুত রান বাড়িয়ে নিচ্ছিলেন। একের পর এক বাউন্ডারি ছাড়া করতে থাকা এই ব্যাটারের শেষটা যদিও হয়েছে হতাশায়।

শন উইলিয়ামসের বলে শর্ট ফাইন লেগে খেলতে চেয়েছিলেন লিটন। যদিও বল উঠে গিয়ে ফিল্ডার রিচার্ড এনগারাভা হাতের ওপর পড়ে। এই ফিল্ডার মুঠোতেও নিয়েছিলেন বল, তবে শেষ পর্যন্ত জমাতে পারেননি। ওই মুহূর্তে রান নেওয়ার জন্য দৌড়েছিলেন অন্যপ্রান্তে থাকা এনামুল। কিন্তু ভুল বোঝাবুঝিতে লিটন শুরুতে জায়গা থেকে নড়েননি। ইতিমধ্যে হাত ফসকে যাওয়া বল তুলে ছুঁড়ে মারেন এনগারাভা। বোলিং প্রান্তে উইলিয়ামস সহজেই ভেঙে দেন স্টাম্প। ফলে ৩২ রানে শেষ হয় লিটনের ইনিংস। ১৯ বলের ইনিংসটি তিনি সাজান ৬ বাউন্ডারিতে।