সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মাহমুদুল হাসান জয়ের। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি। স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। ওই ধাক্কা দ্বিতীয় চার দিনের ম্যাচেও কাটাতে পারলেন না। তার মতো ব্যর্থ হয়েছেন দলের অন্যরাও। ব্যতিক্রম শুধু সাইফ হাসান। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৮৪ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান।
দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলে পা রেখেছিলেন জয়। আন্তর্জাতিক মঞ্চে সেটির প্রমাণও দিয়েছেন। তবে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না তার। জাতীয় দলের পর ‘এ’ দলের হয়েও চলছে তার ব্যর্থতার গাড়ি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭ রানে আউট হয়েছেন তিনি। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৪ বাউন্ডারি।
এরপর শুরু সাদমান ইসলাম ও সাইফের প্রতিরোধ। লংগার ভার্সন ক্রিকেটের সংজ্ঞা মেনে ক্রিজে পড়ে থাকেন দুজন। অবশ্য স্কোর খুব একটা বাড়াতে পারেননি। সাদমান আউট হয়েছেন ২৫ রানে, তবে খেলেছেন ১১৮ বল। ফজলে মাহমুদও বেশি কিছু করতে পারেননি। ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
আগের ম্যাচে মোহাম্মদ মিঠুন একাই লড়াই চালিয়েছিলেন। তবে এবার কিছুই করতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। অন্য ব্যাটাররা মন্থর ব্যাটিং করলেও মিঠুন ছিলেন আগ্রাসী। ১৪ বলে ১৪ রান করেন তিনি। এরপর জাকির হাসান আউট হন ১৫ রানে।
সতীর্থদের হতাশার মাঝে একপ্রান্ত আগলে রেখেছেন সাইফ। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাট করে চলেছেন তিনি। দিনশেষে এই ব্যাটার অপরাজিত ৬৩ রানে। খেলেছেন ২১৭ বল। তার সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন শূন্য রানে অপরাজিত থাকা জাকের আলী।
ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল বোলার কলিন আর্চিবল্ড। ১৬ ওভারে ৩১ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।