পিএসএলে ফের তামিম শো

পাকিস্তান সুপার লিগে পে‌‌‌শোয়ার জালমির হয়ে টানা দুটি অর্ধশতক হাঁকালেন টাইগার তারকা তামিম ইকবাল। শনিবার লাহোর কালান্দার্স বিপক্ষে তামিমের ৪৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। এর আগের ম্যাচেও ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন তামিম।

তামিম শনিবার লাহোরের দেওয়া ১১৮ রানের টার্গেটে খেলতে নেমে তামিমের ঝড়ো অর্ধশতক ও হাফিজের ৪৩ রানের ইনিংসে ভর করে চার ওভার বাকি থাকতে নয় উইকেটের বড় জয় তুলে নেয় পেশোয়ার।

এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পেশোয়ার জালমির অধিনায়ক শহীদ আফ্রিদি । টসে হেরে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্সের দুই ওপেনার ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ও অধিনায়ক আজহার আলী। ইনিংসের প্রথম বলেই জুনাইদের সুইংয়ে বোল্ড হন ক্রিস গেইল।

একই ওভারে রানআউট হন তিন নম্বরে নামা ডেলপোর্ট । ইনিংসের দ্বিতীয় ওভারে অজি ফাস্ট বোলার শন টেইটের আউটসুইংয়ের শিকার হন তরুন ব্যাটসম্যান রেজওয়ান। এরপর দুই পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী ও উমর আকমল ইনিংস গড়ার চেষ্টা করেন ।

চতুর্থ উইকেট জুটিতে ৪১ রান যোগ করেন উমর ও আজহার । কিন্তু ইনিংসের নবম ওভারে মোহাম্মাদ আজগরের বলে বড় ভাই কামরান আকমলের হাতে ধরা পড়েন উমর আকমল । ২৬ বলে ২১ রান করে ফিরে যেতে হয় উমর আকমলকে।

ইনিংসের ১৪তম ওভারে আবারও আঘাত হানেন আজগর । তুলে নেন আজহার আলীর গুরুত্বপূর্ণ উইকেট । ৪১ বলে ৩১ রান করে আউট হন লাহোর কালান্দার্সের অধিনায়ক আজহার । ইনিংসের শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন ডোয়াইন ব্রাভো । তবে পেশোয়ারের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে লাহোর কালান্দার্সের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান ৬ উইকেটের বিনিময়ে । পেশোয়ারের হয়ে মোহাম্মাদ আজগর সর্বাধিক দুটি উইকেট শিকার করেন।

১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে  বাংলাদেশের তানিম ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ জয়ের বন্দরে পৌঁছে দেন পেশোয়ার জালমিকে। এর মধ্যে তামিম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৫ রানে। হাফিজের ব্যাট থেকে আসে ৪৩ রান। ৬৮ বলে তারা করেন ৯৫ রান। বাকি ২৩ রান সহজেই আসে ৯ উইকেট হাতে রেখেই। 

/এমআর/এমপি/এমএসএম