অ্যান্ডারসনের কীর্তি গড়ার দিনটি ইংলিশদের  

ম্যানচেস্টারে অন্যতম এক সেঞ্চুরি পূরণ করেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার কীর্তি গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাইলফলকের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে আবার সেটি স্মরণীয়ও করে রেখেছেন বল হাতে। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে দিতে অবদান রেখেছেন। তার মধ্যে আবার দুটি নিয়েছেন পর পর। বিপরীতে ইংল্যান্ড অবশ্য ৩ উইকেটে ১১১ রান তুলে দিন শেষ করেছে। পিছিয়ে আছে ৪০ রানে।   

৭২জন ক্যারিয়ারে টেস্টের সেঞ্চুরি পূরণ করলেও ঘরের মাঠে কেউ এতগুলো টেস্ট খেলতে পারেননি। এমনকি ২০০ টেস্ট খেলা শচীন টেন্ডুলকারও নন। ভারতীয় লিজেন্ড ঘরের মাঠে খেলেছেন ৯৪টি টেস্ট। এই তালিকায় এখন অ্যান্ডারসনের পরেই তার স্থান। 

টস জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্তটা হিতে বিপরীত হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার। প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মোটে ৫৩.২ ওভার। সর্বোচ্চ ইনিংস বলতে পেসার কাগিসো রাবাদার! ৩৬ রান করে স্বাগতিকদের ধৈর্য পরীক্ষা নিয়েছেন।

শততম হোম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ৩২ রানে নিয়েছেন ৩টি উইকেট। স্টুয়ার্ট ব্রডও ৩৭ রানে নিয়েছেন ৩টি। বেন স্টোকস ১৭ রানে নিয়েছেন দুটি। আর একটি করে নিয়েছেন ওলি রবিনসন ও জ্যাক লিচ।

জবাবে ইংলিশদের অবস্থাও শোচনীয় হতে যাচ্ছিল প্রথম ইনিংসে। ৪৩ রানে পড়েছে তিন উইকেট। সাজঘরে ফিরেছেন অ্যালেক্স লিস, ওলি পোপ ও জো রুট। তার পর জ্যাক ক্রলির সঙ্গে মূলত জনি বেয়ারস্টো প্রতিরোধ গড়ে দিনটা পার করেছেন। ক্রলি ১৭ রানে ক্রিজে রয়েছেন। ৩৮ রানে অপরাজিত রয়েছেন বেয়ারস্টো।

১৩ উইকেট পতনের দিনে ক্রলি পুরোপুরি টেস্ট মেজাজে ৭৭ বল খেলেছেন। বেয়ারস্টো অবশ্য ৪৫ বলে বাউন্ডারি মেরেছের ৬টি।