বিরাট কোহলি না বাবর আজম- কে সেরা, এই নিয়ে তর্ক চলে ভারত-পাকিস্তান সমর্থকদের মাঝে। ক্রিকেট বিশ্বেও আছে এই আলোচনা। বর্তমান সময়ের বাবর ভবিষ্যতে কোহলিকেও ছাড়িয়ে যাবেন বলে মনে করেন অনেক। তাদের সেই কথায় এবার শক্ত ভিত পেলো কোহলির মন্তব্যে। খোদ কোহলিই সেরার স্বীকৃতি দিলেন পাকিস্তানি ব্যাটারকে।
আজ (রবিবার) দুবাইয়ে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। মহারণের আগে অনুশীলনে কোহলি-বাবরের আলাপচারিতার ভিডিও ভাইরাল হয়েছে। মাঠের ক্রিকেটে যতই তারা চিরশত্রু হোক না কেন, মাঠের বাইরে আছে একে অন্যের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা। তারই আরেকটি নিদর্শন পাওয়া গেলো কোহলির বক্তব্যে।
ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘বাবরের সঙ্গে আমার প্রথম দেখা ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টার ম্যাচের পর। তার (বাবর) ও ইমাদের (ওয়াসিম) সঙ্গে। ইমাদকে আমি চিনতাম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে, আমরা একে অন্যের বিপক্ষে খেলেছি। ইমাদ জানালো, বাবর আমার সঙ্গে কথা বলতে চায়।’
এরপর কথাবার্তা চলে তাদের। সেদিন বাবরের মাঝে যে নম্রতা দেখেছিলেন, সেটি আজও খুঁজে পান কোহলি। আর পারফরম্যান্সের দিক থেকে বর্তমানের বাবর তার চোখে সেরা, ‘আমি তার মধ্যে অনেক সম্মান ও শ্রদ্ধা দেখেছিলাম। এবং সেটা এখনও বদলায়নি। সে সম্ভবত এখন সব ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান। ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে।’
কোহলি জানালেন, বাবরের খেলা তিনি উপভোগ করেন, ‘একই সঙ্গে সে দুর্দান্ত প্রতিভাবান। তার খেলা দেখা আমি সবসময় উপভোগ করি। দারুণ পারফম্যান্সে নিজের আলাদা জায়গা করে নিয়েছে, তারপরও আমি তার ভাবভঙ্গি বা অ্যাপ্রোচে কোনও পরিবর্তন দেখি না।’
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে বাবরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কোহলিকে। সেদিন কী কথা হয়েছিল পাকিস্তান অধিনায়কের সঙ্গে? কোহলি বললেন, ‘আমি তাকে অভিনন্দন জানিয়েছি, যেভাবে সে খেলে চলেছে সেজন্য। এবং তাকে বলেছি তার খেলা দেখা কতটা চমৎকার। একই সঙ্গে তাকে শুভকামনা জানিয়েছি।’